ওয়েস্ট ইন্ডিজ সফরে ইংলিশদের কোচ কলিংউড
আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজ সফরে ইংল্যান্ড ক্রিকেট দলের কোচের দায়িত্ব পালন করবেন পল কলিংউড।
গত অ্যাশেজ সিরিজে অস্ট্রেলিয়ার কাছে ৪-০ ব্যবধানে হারের পর ইংল্যান্ডের প্রধান কোচের পদ থেকে বরখাস্ত হন ক্রিস সিলভারউড। সেই থেকে ইংল্যান্ডের কোচের পদটি শুন্য। তবে ওয়েস্ট ইন্ডিজ সফর ঘনিয়ে আসায়, আসন্ন সিরিজে ইংল্যান্ডের অন্তবর্তীকালীন কোচের দায়িত্ব পালন করবেন কলিংউড।
দায়িত্ব পেয়ে কলিংউড বলেন, ‘ক্যারিবিয়ান সফরের জন্য টেস্ট দলকে সামনে এগিয়ে নেয়ার দায়িত্ব পেয়ে আমি সত্যিই উত্তেজিত। শুরু করতে তর সইছে না আমার। অ্যাশেজে হতাশার পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের চ্যালেঞ্জ আমাদের পুনর্গঠনের সুযোগ দিচ্ছে।’
.png)
২০১৯ সালের শেষের দিকে ইংল্যান্ডের সহকারী কোচ হন কলিংউড। এরপর দীর্ঘ দিন ধরে ইংল্যান্ডের পরামর্শক হিসেবে দলের সাথে ছিলেন তিনি। ২০২০ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে সিলভারউড না থাকায় প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন কলিংউড। গত মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩-২ ব্যবধানে হারা টি-২০ সিরিজে সিলভারউডের অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত কোচ ছিলেন তিনি।
বর্তমানে বাবার্ডোজে ছুটি কাটাচ্ছেন কলিংউড। ২৫ ফেব্রুয়ারি টেস্ট দল অ্যান্টিগায় পৌঁছালে তাদের সাথে যোগ দিবেন তিনি।
আগামী ৮ মার্চ থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ইংল্যান্ড। টেস্ট সিরিজের আগে একটি চারদিনের ম্যাচও আছে ইংলিশদের।