ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

সিলেটের ক্রিকেটাররা জানতেনই না অধিনায়ক পরিবর্তন হয়েছে!

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১২:৫৯, ৮ ফেব্রুয়ারি ২০২২
সিলেটের ক্রিকেটাররা জানতেনই না অধিনায়ক পরিবর্তন হয়েছে!
সিলেট সানরাইজার্স দল

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের পর বিপিএলের অষ্টম আসরের মাঝপথে অধিনায়ক পরিবর্তন করেছে পয়েন্ট টেবিলের তলানির দল সিলেট সানরাইজার্স। এতদিন সিলেটকে নেতৃত্ব দিয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত। তবে দল ক্রমাগত খারাপ করায় সপ্তম ম্যাচে অধিনায়কত্বের আর্মব্যান্ড তুলে দেওয়া হয় রবি বোপারার হাতে।

অবাক হলেও সত্য, অধিনায়কত্ব পরিবর্তনের এই বিষয়টি জানতেন না সিলেটের ক্রিকেটাররা। খুলনা টাইগার্সের বিপক্ষে ১৫ রানের পরাজয়ের পর সংবাদ সম্মেলনে সিলেটের প্রতিনিধি হিসেবে হাজির হন অলরাউন্ডার আলাউদ্দিন বাবু। তিনিই জানান, অধিনায়ক পরিবর্তনের পুরো বিষয়টি হয়েছে দৃষ্টির অগোচরে।

এ বিষয়ে আলাউদ্দিন বলেন, ‘আপনারা যেমন মাঠে এসে জেনেছেন, আমরা খেলোয়াড়রাও মোটামুটি সবাই মাঠে এসে জেনেছি।’

Advertisement

আলাউদ্দিন অবশ্য যুক্তি দাঁড় করালেন, করোনার সংক্রমণ ঠেকাতে আর হারের বৃত্ত থেকে বের হয়ে আসতে ক্রিকেটারদের বেশিরভাগ সময় নিজ নিজ হোটেল রুমে কাটছে। এ কারণেই ইংলিশ অলরাউন্ডারকে অধিনায়ক করার কথা নাকি জানতেন না তারা।

আলাউদ্দিন বলেন, ‘করোনা পরিস্থিতির কারণে আমরা সবাই মোটামুটি রুমেই থাকি। তাছাড়া বেশ কয়েকটা খারাপ ম্যাচ গেছে আমাদের, সবাই মানসিকভাবে চেষ্টা করছিলাম ভালোভাবে কামব্যাক করার। কেউ বাইরে যাচ্ছি না, রুমেই থাকা হচ্ছে।’

তিনি আরো বলেন, ‘এটা তো ম্যানেজমেন্টের বিষয়। একদমই দৃষ্টির অগোচরে এই ব্যাপারটা। আমরা এ সম্পর্কে অবগত ছিলাম না। মাঠে জেনেছি। যাই হোক, বোপারাও ভালোই করেছে আজকে। এটা ম্যানেজমেন্টের ব্যাপার, আমি আসলে বলতে পারি না।’

এদিকে অধিনায়ক হিসেবে নিজের প্রথম ম্যাচেই বিতর্কের জন্ম দিয়েছেন বোপারা। তার বল টেম্পারিংয়ের কারণে সিলেটকে গুনতে হয়েছে ৫ রান জরিমানা। আলাউদ্দিন মনে করেন, আম্পায়াররা বল টেম্পারিংয়ের যে অভিযোগ তুলেছেন ও শাস্তি দিয়েছেন তা সঠিক নয়।

তিনি বলেন, ‘টি-২০ খেলায় একটি রানও অনেক গুরুত্বপূর্ণ। পাঁচ রান তো অবশ্যই গুরুত্বপূর্ণ। আম্পায়ার যে কারণ দেখাল বল পরিবর্তনের ক্ষেত্রে, আমার কাছে মনে হয়নি এমন কিছু হচ্ছে। বোপারা আন্তর্জাতিক মানের ক্রিকেটার। ইংল্যান্ড দলের হয়ে খেলেছে। তাকে ৫ রান পেনাল্টি দেওয়াটা আমরাও খুব ভালোভাবে নিচ্ছি না।’

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!