কয়েক সেকেন্ডের এই ভিডিও ক্লিপে দেখা যায়, গহীন জঙ্গলে কিছু একটা ধরার জন্য ছুটছেন সাকিব। কীসের জন্য এবং কী পাওয়ার জন্য সাকিবের এভাবে প্রাণপণ দৌড়, তা নিয়েই আলোচনা এখন তুঙ্গে। টাইগার অলরাউন্ডার কীসের পেছনে এত হন্তদন্ত হয়ে ছুটছেন, সেটা জানতে উদগ্রীব সবাই।
সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের অনেকেই ভিডিওটি শেয়ার করছেন। তাদের ক্যাপশনগুলোও বেশ মজার। ফেসবুক ঘাঁটলে দেখা যাচ্ছে, অনেকেই সাকিবের পোস্ট শেয়ার করেছেন যেখানে ক্যাপশন ছিল- ‘আবার কী হলো?’, ‘কই যাচ্ছে সাকিব?’, ‘টাইগার কি বাঘরে ধাওয়া করছে নাকি?’, ‘আর কতো দৌড়াবেন বস?’ ইত্যাদি।
.png)
ভিডিওর কমেন্ট সেকশনেও আছে ভক্তদের নানা কৌতূহল, জিজ্ঞাসা ও অনুমাননির্ভর মন্তব্য। অনেকেই মজা করে বলেছেন, সাকিব টাকার পিছে ছুটছেন। কিন্তু আসলেই কী হচ্ছে? আর এই ভিডিওর রহস্যই বা কী!
এ ব্যাপারে জানার জন্য সাকিব আল হাসানকে ফোন করা হলে তাকে ফোনে পাওয়া যায়নি। সম্ভবত বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে ব্যস্ততার কারণে তিনি মোবাইল ফোন থেকে দূরে আছেন।
মাঠের বাইরে সবসময়ই সাকিবকে বেশ ফুরফুরে মেজাজে দেখা যায়। তবে এবার কী এমন হলো তা অনেকেই বুঝে উঠতে পারছেন না। ক্রিকেট খেলার পাশাপাশি বিভিন্ন ব্র্যান্ডের সাথে সম্পৃক্ত আছেন এই অলরাউন্ডার। তবে কী এটি তার নতুন কোনো ব্র্যান্ডের প্রচারণা? এখন সেটাই জানার অপেক্ষায় সবাই!