করোনায় আক্রান্ত সিডন্স
বাংলাদেশের সাবেক হেড কোচ জেমি সিডন্স এসেছেন এক সপ্তাহের কিছু বেশি সময় হয়েছে। আসার পর থেকেই বেশ ব্যস্ত সময় কাটাচ্ছিলেন তিনি। তবে এবার তার ব্যস্ত সময়ে বাধ সাধলো করোনাভাইরাস। করোনায় আক্রান্ত হয়েছেন টাইগারদের সদ্য দায়িত্ব পাওয়া ব্যাটিং কোচ।
অবশ্য বিষয়টি এখনো আনুষ্ঠানিক নয়। তবে বিসিবির একটি সূত্র ডেইলি বাংলাদেশকে বিষয়টি জানিয়েছে। সেই সূত্রের ভাষ্যমতে, সাবেক এই অজি ক্রিকেটারের শরীরে করোনার উপসর্গ ছিল। যার ফলে তিনি শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি আছে কি-না তা পরীক্ষা করান। যার ফল পজিটিভ এসেছে।
নিয়ম মেনে অন্তত পরবর্তী পরীক্ষার আগ পর্যন্ত আইসোলেশনে থাকবেন সিডন্স। বাংলাদেশে পা রাখার দশ দিনের মাথায় করোনায় আক্রান্ত হয়েছেন তিনি। গেল ২ ফেব্রুয়ারি বাংলাদেশের মাটিতে পা রেখেছিলেন তিনি। এর পরের দিনই সিডন্সকে দেখা যায় চিরচেনা মিরপুরের হোম অব ক্রিকেটে।
.png)
সিডন্সের যাত্রা শুধু শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামেই সীমাবদ্ধ থাকেনি। বাংলাদেশের সাবেক প্রধান কোচ এরপর বিপিএলের খেলা দেখতে ছুটে গিয়েছিলেন সিলেটে। সেখানে সিলেট পর্ব দেখেছেন খুব কাছ থেকে। এমনকি ঢাকা পর্বে গতকালও মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ছিল তার উপস্থিতি।
জেমি সিডন্স ২০০৭ সালের অক্টোবরে বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব গ্রহণ করেন। ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপের পর পদত্যাগ করেন তিনি। সিডন্সের অধীনে বাংলাদেশ দল ১৯ টেস্টের মধ্যে ২টি জিতেছে, হেরেছে ১৬টি।
সিডন্সের অধীনে ওয়ানডেতে ৮৪ ম্যাচে ৩১ জয়ের বিপরীতে বাংলাদেশের পরাজয় ছিল ৫৩ ম্যাচে। টি-২০ ফরম্যাটের ৮ ম্যাচে সবগুলোই হেরেছিল লাল সবুজরা। তবে তার সবচেয়ে বড় অবদান ছিল আজকের এই পঞ্চপাণ্ডব তৈরিতে ভূমিকা রাখা।
তার আমলে টাইগার ব্যাটসম্যানদের উন্নতি ছিল চোখে পড়ার মতো। এখনও সাকিব-তামিমরা তাদের পারফর্মেন্সের কৃতিত্ব সিডন্সকেই দিয়ে থাকেন।