ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

আইপিএল নিলাম: চড়ামূল্যে দল পেলেন যারা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩:৩৪, ১৪ ফেব্রুয়ারি ২০২২
আইপিএল নিলাম: চড়ামূল্যে দল পেলেন যারা
ফাইল ছবি

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলাম মানেই যেন এক ঝাঁক চমক। আসন্ন পঞ্চদশ আসরের নিলামেও দেখা গেছে চমকের বাহার। ফ্র্যাঞ্চাইজিদের তুমুল আগ্রহের কারণে অনেকেই বনে গেছেন কোটিপতি।

লিয়াম লিভিংস্টোন, ওয়ানিন্দু হাসারাঙ্গাদের মূল্য চমক জাগিয়েছে নিলামে। তবে কারো কারো ক্ষেত্রে টাকার অঙ্কটা এত লাফিয়ে লাফিয়ে বেড়েছে যে, তা দেখে রীতিমত চোখ কপালে ওঠার জোগাড়।

ইশান কিষাণের কথাই ধরা যাক। মুম্বাই ইন্ডিয়ান্স গত মৌসুমে কিষাণে এতই মুগ্ধ হয়েছে যে এবার তাকে বাগিয়ে নিতে খরচ করেছে সোয়া ষোলো কোটি রুপি! এবারের আসরে সর্বোচ্চ মূল্য পাওয়া কিষাণই আইপিএলের ইতিহাসের দ্বিতীয় দামি ভারতীয় ক্রিকেটার।

Advertisement

চেন্নাই সুপার কিংস ১৪ কোটি রুপি খরচ করে দলে নিয়েছে দীপক চাহারকে। শ্রেয়াস আইয়ারকে দলে ভেড়াতে কলকাতা নাইট রাইডার্স খরচ করেছে সোয়া ১২ কোটি রুপি। এর পরের নাম এক বিদেশি ক্রিকেটারের। ইংল্যান্ডের লিয়াম লিভিংস্টোন পাঞ্জাব কিংসে দলভুক্ত হয়েছেন সাড়ে ১১ কোটি রুপিতে। 

ভারতের পেসার শার্দূল ঠাকুর দিল্লী ক্যাপিটালসের কাছ থেকে পাবেন পৌনে ১১ কোটি রুপি। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর একই পরিমাণ অর্থ দেবে হার্শাল প্যাটেলকে।

একই দাম উঠেছে শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা ও ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরানের। হাসারাঙ্গা ব্যাঙ্গালোর আর পুরান সানরাইজার্স হায়দরাবাদে নাম লিখিয়েছেন। এর পরের স্থানে আছেন লকি ফার্গুসন, যিনি নতুন দল গুজরাট টাইটান্সে নাম লিখিয়েছেন ১০ কোটি রুপি মূল্যে।

ফার্গুসনের মতই ১০ কোটি রুপি মূল্য পেয়েছেন প্রসিধ কৃষ্ণ ও আভেশ খান। অবিসাস্য মূল্য পাওয়া এই দুই ক্রিকেটারকে দলে নিয়েছে যথাক্রমে রাজস্থান রয়্যালস ও আরেক নতুন দল লক্ষ্ণৌ সুপার জায়ান্টস।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!