নির্ধারিত ২০ ওভারে চট্টগ্রামের সংগ্রহ ৫ উইকেটে ১৮৯ রান।
‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন খুলনা অধিনায়ক মুশফিকুর রহিম। ব্যাট করতে নেমে রানের খাতা খোলার আগেই আউট হন জাকির হাসান। অধিনায়ক আফিফ হোসেনও ৩ রানের বেশি করতে পারেননি।
.png)
শুরুতেই ২ উইকেট হারানোর পর পরিস্থিতি সামাল দেন কেনার লুইস ও চ্যাডউইক ওয়ালটন। দুজনে গড়েন ৩৮ রানের জুটি। লুইস ৩৯ রান করে আউট হন। তার জায়গায় নামা শামীম হোসেন করেন ১০ রান।
এর পরের গল্পটা ওয়ালটন আর মেহেদি হাসান মিরাজের। এই দুই ব্যাটারের পাল্টা আক্রমণে দিশেহারা হয়ে পড়েন খুলনার বোলাররা। শেষ ওভারে বিচ্ছিন্ন হওয়ার আগে দুজনে গড়েন ৫৮ বলে ১১৫ রানের বিধ্বংসী জুটি।
৩৬ রানে আউট হন মিরাজ। তবে অন্যপ্রান্তে ৪৪ বলে ৮৯ রানের টর্নেডো ইনিংস খেলে অপরাজিত থাকেন ওয়ালটন। শেষে নামা বেনি হাওয়েল ৩ বলে ৮ রান করে অপরাজিত থাকেন।
খুলনার হয়ে খালেদ আহমেদ দুটি, নাবিল সামাদ, রুয়েল মিয়া ও মাহেদী হাসান একটি করে উইকেট শিকার করেন।