ঢাকা,  রোববার   ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

‘ফুরিয়ে যাওয়া’ বেলের নৈপুণ্যে বিশ্বকাপের দ্বারপ্রান্তে ওয়েলস

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:০৫, ২৫ মার্চ ২০২২
‘ফুরিয়ে যাওয়া’ বেলের নৈপুণ্যে বিশ্বকাপের দ্বারপ্রান্তে ওয়েলস
গ্যারেথ বেল

দীর্ঘদিন ধরে লাইমলাইটের বাইরে থাকায় অনেকের মতেই ফুরিয়ে গেছেন গ্যারেথ বেল। তবে যারা ইউরোপিয়ান অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে অস্ট্রিয়ার বিপক্ষে ওয়েলসের ম্যাচে ‘ওয়ান হান্ড্রেড ম্যান’কে দেখেছেন, তারা নিশ্চয় এতক্ষণে উত্তর পেয়ে গেছেন।

দুর্দান্ত দু’টি গোল করে বলা যায় অনেকটা একক নৈপুণ্যে ওয়েলসকে ২০২২ বিশ্বকাপের দ্বারপ্রান্তে নিয়ে এসেছেন বেল। কার্ডিফে এই ৩২ বছর বয়সী উইঙ্গারের জোড়া গোলে প্লে অফের সেমিফাইনালে অস্ট্রিয়াকে ২-১ ব্যবধানে হারিয়েছে ওয়েলস।

এই জয়ের ফলে ১৯৫৮ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের মূল আসরে খেলার পথে এক পা এগিয়ে গেল ‘ড্রাগন’ খ্যাত ওয়েলস। তবে এই ম্যাচের শুরুতে এগিয়ে যেতে পারত অস্ট্রিয়াই। পঞ্চম মিনিটে ক্রিস্তফ বামগার্তনারের নেওয়া শট গোল পোস্টে লাগে।

এরপরই ২৫তম মিনিটে জাদুকরি ফ্রি কিকে বেলের গোল। যার মাধ্যমে ঘরের দর্শকদের উদযাপনের উপলক্ষ এনে দেন রিয়াল মাদ্রিদ তারকা। দ্বিতীয়ার্ধে ফের ওয়েলস অধিনায়কের জাদু। ৫১তম মিনিটে ডি বক্সের ভেতর কোনাকুনি চমৎকার শটে বল জালে পাঠান তিনি।

ম্যাচের ৬৪ মিনিটে একটি গোল শোধ করেও লাভ হয়নি অস্ট্রিয়ার। শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ে ওয়েলস।

দীর্ঘদিন ধরে ক্লাব ফুটবলে মাঠে নেই বেল। রিয়াল থেকে ধারে পুরোনো ক্লাব টটেনহামে এক মৌসুমে খেলে ফের সান্তিয়াগো বার্নাব্যু ফিরেছেন তিনি। কিন্তু লিগের চলতি মৌসুমে এখনো মাঠে নামা হয়নি তার। অনেকে ভাবছেন, ফুরিয়ে গেছেন বেল। সেসব সমালোচকদের জবাবটা দুর্দান্ত দুই গোল করে দিলেন তিনি।

প্লে অফের ফাইনালে ওয়েলস প্রতিপক্ষ হিসেবে পেতে পারে স্কটল্যান্ড বা ইউক্রেনকে। ইউক্রেনে রাশিয়ার হামলার কারণে প্লে অফের ম্যাচটি পিছিয়ে গেছে। হয়তো আগামী বৃহস্পতিবার স্কটল্যান্ড-ইউক্রেনের ম্যাচটি হতে পারে।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!