ঢাকা,  রোববার   ২৯ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

[ খেলা ]

জাভিকে নিয়ে সুখবর দিলেন লাপোর্তে

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩:৩৭, ২৭ মার্চ ২০২২
জাভিকে নিয়ে সুখবর দিলেন লাপোর্তে
জাভি হার্নান্দেজ

বার্সেলোনার কোচ হিসেবে দায়িত্ব নেয়ার কয়েক মাসের মধ্যেই দলটির চেহারা বদলে দিয়েছেন জাভি হার্নান্দেজ। তার হাত ধরেই মিলেছে কাতালান ক্লাবটির সুদিন ফেরার আভাস। আর তাই জাভিকে লম্বা সময়ের জন্য ধরে রাখতে চান ক্লাব সভাপতি হুয়ান লাপোর্তে।

চলতি মৌসুমের শুরু থেকে ক্লাবের ধারাবাহিক ব্যর্থতার প্রেক্ষিতে গত ২৭ অক্টোবর সাবেক কোচ রোনাল্ড কোম্যানকে সরিয়ে দেওয়া হয়। এরপর গত ৬ নভেম্বর তার স্থলাভিষিক্ত হন জাভি।

বার্সেলোনার ডাগআউটে এই ক্লাব কিংবদন্তির শুরুটা ভালো হয়নি। তার দায়িত্ব নেয়ার পরই চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় বার্সেলোনা। তবে নিজের ছাপ রাখতে দেরি করেননি জাভি।

গত জানুয়ারির শেষ দিক থেকে চেনা রুপে ফিরতে শুরু করে বার্সেলোনা। জাভি কোচ হওয়ার পর থেকে লা লিগায় এখন পর্যন্ত মাত্র একটি ম্যাচ হেরেছে দলটি। এমনকি গত ৪ ডিসেম্বর থেকে স্পেনের শীর্ষ লিগে অপরাজিত রয়েছে তারা।

দারুণ এই পথচলায় গত ২০ মার্চ লিগের ফিরতি দেখায় চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে তাদেরই মাঠে ৪-০ গোলে গুঁড়িয়ে দেয় বার্সেলোনা। অসাধারণ সেই জয়ের পর থেকেই ক্লাবটিতে জাভির লম্বা ও উজ্জ্বল ভবিষ্যৎ দেখছে সবাই।

বার্সেলোনার সঙ্গে জাভির বর্তমান চুক্তির মেয়াদ ২০২৪ সাল পর্যন্ত। শনিবার বার্সেলোনা ভিত্তিক ক্রীড়া দৈনিক মুন্দো দেপোর্তিভোর সঙ্গে আলাপচারিতায় জাভির চুক্তি নবায়ন প্রসঙ্গে লাপোর্তে জানান, এখনো এই বিষয়ে তারা আলোচনা করেননি।

লাপোর্তে বলেন, আমাদের একজন কোচ আছেন যিনি বার্সার প্রতি অনেক শ্রদ্ধাশীল এবং ক্লাবটিকে খুব ভালোভাবে জানেন। তার (চুক্তি নবায়ন) বিষয়ে আমরা এখনও কথা বলিনি। আমাদের এ বিষয়ে কথা বলতে হবে।

তিনি আরো বলেন, আমার ভাবনা হলো, জাভি যতদিন চায় এখানে থাকতে পারে। যেহেতু সে ক্লাবটিকে খুব ভালোভাবে জানে এবং বার্সাকে ভালোবাসে, তাই সে সবসময় স্পষ্টভাবে অনুধাবন করতে পারে যে সে কতটা অবদান রাখছে।

লাপোর্তে যোগ করেন, খেলোয়াড় হিসেবে জাভি আগেও তা করেছে। সেরা খেলোয়াড়দের মধ্যে যারা দুর্দান্ত কোচ হয়ে ওঠেন তাদের বাড়তি সুবিধা হলো, তারা নিজের বিশেষ সময়টা দ্রুত বুঝতে পারেন।

খেলোয়াড় হিসেবে বার্সেলোনার হয়ে ১৭ বছরের ক্যারিয়ারে জাভি ক্লাব ফুটবলের সম্ভাব্য সব শিরোপা জিতেছেন। ২০১৫ সালে কাতালান ক্লাব ছেড়ে তিনি যোগ দেন কাতারের ক্লাব আল সাদে। ২০১৯ সালে পেশাদার ক্যারিয়ারের ইতি টেনে দলটির কোচ হন তিনি।

কোচ হিসেবে বার্সেলোনায় যোগ দেওয়ার আগে আল সাদের হয়ে আড়াই বছরে সাতটি শিরোপা জিতেছেন জাভি।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!