ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

এখন বোলিং নিয়েও ‘সিরিয়াস’ শান্ত

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১২:৪৯, ২৯ মার্চ ২০২২
এখন বোলিং নিয়েও ‘সিরিয়াস’ শান্ত
নাজমুল হোসেন শান্ত

অনেক দিন ধরেই ব্যাটিংয়ে দলের অন্যতম মূল ভরসা নাজমুল হোসেন শান্ত। এবার টেস্ট দলে নিজের বোলিং দিয়েও অবদান রাখতে চান তিনি। আর সেই লক্ষ্যে নিজের বোলিং নিয়ে নিয়মিত কাজ করছেন শান্ত।

ঘরোয়া ক্রিকেটে টুকটাক বোলিং করার অভিজ্ঞতা থাকলেও শান্তর বোলার সত্ত্বা আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যায়নি বললেই চলে। টেস্ট ফরম্যাটে সাকুল্যে করেছেন ৪০ বল। বাকি দুই ফরম্যাটে করেছেন ১ ওভার করে। তবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সর্বশেষ আসরে বল হাতে নজরকাড়া সাফল্য পেয়েছেন তিনি।

সেই সাফল্যের পরই বোলিং নিয়ে ‘সিরিয়াস’ হয়েছেন শান্ত। তিনি সিদ্ধান্ত নিয়েছেন, নিয়মিতই বোলিং নিয়ে কাজ করে যাবেন। আর এই লক্ষ্যে টেস্ট অধিনায়ক মুমিনুল হকের পরামর্শে স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথের সঙ্গে কাজও করছেন এই টপ অর্ডার ব্যাটার।

Advertisement

এ বিষয়ে শান্ত বলেন, ‘বোলিংয়ে আগে যে খুব বেশি সিরিয়াস ছিলাম তা না। গত ৬-৭ মাস ধরে বোলিং নিয়ে কাজ করছি। রঙ্গনা ভালো কাজ করছে। সাথে অধিনায়ক সাহায্য করছেন।’

টেস্টে দীর্ঘ সময় বোলিং করার সময় পার্ট টাইম বোলারদের অল্পস্বল্প অবদান অন্যদের ধকল কমাতে পারে। এর সঙ্গে ব্রেক থ্রু এনে দেওয়ার সম্ভাবনা তো থাকছেই।

শান্ত বলেন, ‘সবাই যদি টেস্ট ম্যাচে ৫-১০ ওভার করে অবদান রাখতে পারি আমাদের দলের জন্য ভালো। এই ভাবনা নিয়েই আমি এগোচ্ছি। রোজ অনুশীলনে বোলিং করছি। সিরিয়াসলি বোলিং করার চেষ্টা করছি। যদি দলে অবদান রাখতে পারি, দল লাভবান হবে।’

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!