নিজেদের গুটিয়ে নিলো সাইফ স্পোর্টিং
আর ফুটবল মাঠ মাতাতে দেখা যাবে না দেশের ঘরোয়া ফুটবলের অন্যতম স্ট্যান্ডিং কিলার দল সাইফ স্পোর্টিং ক্লাবকে।
বুধবার ঘরোয়া সব ধরনের ফুটবল থেকে নিজেদের গুটিয়ে নেয়ার ঘোষণা দেন ক্লাবটির কর্ণধার তরফদার মোহাম্মদ রুহুল আমিন। এরইমধ্যে তাদের এ সিদ্ধান্তের কথা বাফুফেকেও জানিয়ে দিয়েছে ক্লাবটি।
.png)
লিগ শেষ হওয়ার এক দিন পরেই সাইফ স্পোর্টিং ক্লাব লিমিটেডের এই অবস্থান অবাক করেছে ফুটবলের পাশাপাশি পুরো ক্রীড়াঙ্গনকেই।
বেশ নামডাকের সঙ্গেই বাংলাদেশের পেশাদার ফুটবল অঙ্গনে পা রেখেছিল সাইফ স্পোর্টিং ক্লাব।
দেশ-বিদেশের নামি-দামি ফুটবলার এবং কোচদের দিয়ে দল সাজিয়ে চ্যাম্পিয়নশিপের লড়াইয়েও বেশ অগ্রভাগে ছিল বিগত বছরগুলোতে। কিন্তু হঠাৎ করেই আজ সাইফ স্পোর্টিং ক্লাব ঘোষণা দিল তারা আর ফুটবল ক্লাব পরিচালনা করবে না। সাইফ স্পোর্টিং ক্লাব মূলত পরিচালিত হয় সাইফ পাওয়ারটেকের গ্রুপের অর্থায়নে।
নিজেদের ফুটবল অঙ্গন থেকে গুটিয়ে নেওয়ার কথা জানিয়ে তরফদার রুহুল আমিন বলেন, ‘বর্তমান বৈশ্বিক পরিস্থিতির কারণে আমাদের পক্ষে ফুটবল কার্যক্রম পরিচালনা করা সম্ভব হচ্ছে না। এ কারণে সব ধরনের ফুটবল কার্যক্রম থেকে নিজেদের সরিয়ে নিচ্ছি আমরা।’
তিনি আরো বলেন, ‘সাইফ স্পোর্টিং ক্লাবের সঙ্গে আমি সেভাবে সম্পৃক্ত না। সাইফ পাওয়ারের বোর্ড অফ ডিরেক্টরদের সভায় ফুটবলে না থাকার সিদ্ধান্তটা হয়েছে’
ফুটবল থেকে সরে যাওয়ার কারণ হিসেবে রুহুল আমিন বলেন, ‘যে পরিমাণ ব্যয় এর বিপরীতে রিটার্ন সেভাবে আসছে না। জাতীয় ফুটবলে সেভাবে প্রভাব পড়ছে না। এর পাশাপাশি গ্রুপের ব্যবসা বাণিজ্যিক কাজে ব্যস্ততাও অনেক। দল পরিচালনায় অনেক সময় প্রয়োজন। সময় দেয়াও কঠিন হয়ে যাচ্ছে গ্রুপের পক্ষ থেকে।’