ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

জয় দিয়েই প্রিমিয়ার লিগ মৌসুম শুরু করল আর্সেনাল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:৪২, ৬ আগস্ট ২০২২
জয় দিয়েই প্রিমিয়ার লিগ মৌসুম শুরু করল আর্সেনাল
ছবি: সংগৃহীত

ক্রিস্টাল প্যালেসকে ২-০ গোলে হারিয়ে প্রিমিয়ার লিগের ২০২২-২৩ মৌসুমের শুভ সূচনা করেছে আর্সেনাল।

সেলহার্স্ট পার্কে শুক্রবার গ্যাব্রিয়েল মার্টিনেলির গোলে প্রথমার্ধে লিড পায় গানার্সরা। এরপর ম্যাচের শেষ ভাগে মার্ক গুয়েহির আত্মঘাতি গোলে সফরকারীদের জয় নিশ্চিত হয়।

এই মাঠেই গত এপ্রিলে প্যালেসের কাছে ৩-০ গোলে পরাজিত হয়ে চ্যাম্পিয়ন্স লিগ থেক ছিটকে পড়েছিল মিকেল আর্তেতার আর্সেনাল। প্যালেসের হয়ে ওডসোনে এডুয়ার্ড ও এবেরেচি এজে দুটি বড় সুযোগ নষ্ট করেছেন।

Advertisement

ম্যাচ শেষে আর্তেতা বলেছেন, ‘জয়টাই গুরুত্বপূর্ণ। প্রথম ম্যাচে জয় পাওয়া মানে আত্মবিশ্বাস ধরে রাখা। এরপর নিজেদের এগিয়ে নিয়ে যাবার জন্য যে সমস্ত জায়গায় উন্নতির প্রয়োজন তা নিয়ে আলোচনা করবো। এখানে জেতাটা সত্যিই কঠিন। কিন্তু আমরা তা করে দেখিয়েছি। এই ধরনের মানসিকতা ধরে রাখতে চাই।’

গত মৌসুমে ব্রেন্টফোর্ডের কাছে ২-০ গোলের পরাজয় দিয়ে লিগ শুরু করেছিল আর্সেনাল। যেটা ছিল ৬৭ বছরের ইতিহাসে আর্সেনালের সবচেয়ে বাজে শুরু। কিন্তু এবার আর সেই ভুল হয়নি।

ট্রান্সফার মার্কেটে এরই মধ্যে ১০০ মিলিয়ন পাউন্ড ব্যয় করা আর্সেনাল প্রাক-মৌসুম প্রস্তুতিতেও নিজেদের প্রমাণ করেছে। সেন্টার ফরোয়ার্ডের স্থান পূরণ করেছেন গ্যাব্রিয়েল জেসুস।

কাল ম্যাচের চার মিনিটের মধ্যে এই ব্রাজিলিয়ান আর্সেনালকে প্রায় এগিয়ে দিয়েছিলেন। প্যালেসের রক্ষণভাগকে ভেঙ্গে তার প্রথম শটটি ব্লক হয়ে যায়। ফিরতি বলে অবশ্য মার্টিনেলিও গোল পাননি।

তবে প্রথম ভাগে আর্সেনালই সুস্পষ্ট প্রাধান্য দেখিয়েছে। আরেক অভিষিক্ত আলেকজান্ডার জিনচেনকোর ক্রসে ২০ মিনিটে মার্টিনেলির হেড আটকাতে পারেননি প্যালেস গোলরক্ষক ভিসেন্টে গুয়াইটা।

বেশ কিছু গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছুটি কাটিয়ে দলে না ফেরায় প্যালেসের প্রাক-মৌসুম প্রস্তুতিটা মোটেই ভাল হয়নি। আর তার ফলও তারা পেয়েছে। ঈগলসদের ম্যাচে ফিরতে বেশ কিছুটা সময় ব্যয় হয়।

এডুয়ার্ডোর হেড অবশ্য আর্সেনাল গোলরক্ষক অ্যারন রামসডেল দুর্দান্ত দক্ষতায় সেভ না করলে তখনই সমতায় আসতে পারতো প্যালেস। এরপর এই ফরাসি স্ট্রাইকারের আরো একটি ডিফ্লেকটেড শট অল্পের জন্য বারে লেগে ফেরত আসে।

দ্বিতীয়ার্ধে রামসডেলকে একা পেয়েও কাজে লাগাতে পারেননি এবেরেচি এজে। প্যালেস বস এবং সাবেক আর্সেনাল অধিনায়ক প্যাট্রিক ভিয়েরা বলেছেন, ‘দুই দলের মধ্যে একটি পার্থক্য ছিল, তারা গোল করতে পেরেছে। আমরা দুটি ভাল সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারিনি।’

৮৫ মিনিটে বুকায়ো সাকার ক্রস থেকে প্যালেসের সেন্টার-ব্যাক গুয়েহি নিজেদের জালে বল জড়ালে ব্যবধান দ্বিগুণ হবার পাশাপাশি আর্সেনালের জয় নিশ্চিত হয়।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!