গোলরক্ষকের ভুলে টটেনহ্যামের হার
ইংলিশ প্রিমিয়ার লিগে রোববার গোলরক্ষক হুগো লরিসের ভুলে নিউক্যাসলের কাছে ২-১ গোলের পরাজয় বরণ করেছে টটেনহ্যাম হটস্পার। এই জয়ে চেলসিকে সড়িয়ে টেবিলের চতুর্থ স্থানে উঠে এসেছে নিউক্যাসল।
এর মাধ্যমে এপ্রিলের পর থেকে ঘরের মাঠে টটেনহ্যামকে প্রথম পরাজয়ের তিক্ত স্বাদ দিয়েছে এবারের মৌসুমে দুর্দান্ত ফর্মে থাকা নিউক্যাসল। এই জয়ে স্পার্সদের দুই পয়েন্ট পিছনে ফেলে এডি হাউয়ের দল চ্যাম্পিয়ন্স লিগের অবস্থানে নিজেদের উন্নীত করেছে।
এ নিয়ে টানা সাত ম্যাচ অপরাজিত রয়েছে নিউক্যাসল। সৌদি মালিকানাধীন ক্লাবটি এডি হাউয়ের অধীনে ভবিষ্যতে একটি চ্যালেঞ্জিং দল হয়ে গড়ে ওঠার ইঙ্গিত এরই মধ্যে দিয়ে দিয়েছে।
.png)
গতকালের ম্যাচে টটেনহ্যামের রক্ষণভাগের সমন্বয়হীনতাকেই কাজে লাগিয়েছে নিউক্যাসল। অ্যান্তোনিও কন্টের দলের মৌসুমে এটি টানা দ্বিতীয় পরাজয়।
ম্যাচের ৩১ মিনিটে ফাবিয়ান শারের পাস থেকে লোরিসকে পরাস্ত করে নিউক্যাসেলকে এগিয়ে দেন কলাম উইলসন। বল পেয়ে লরিস ও এরিক দায়েরকে ফাঁকি দিয়ে দারুণ ফিনিশিংয়ে বল জালে জড়ান তিনি।
বিরতির পাঁচ মিনিট আগে ব্যবধান দ্বিগুণ করে সফরকারীরা। লরিসের বাজে একটি পাস সিন লংস্টাফের কাছ থেকে মিগুয়েল আলমিরোনের কাছে আসলে রায়ান সেসেগনন ও ক্লেমেন্ট লেংলেটকে কাটিয়ে জালে জড়ান।
৫৪ মিনিটে সন হিয়ুং মিনের ক্রস থেকে হ্যারি কেন এক গোল পরিশোধ করলেও টটেনহ্যাম শেষ পর্যন্ত আর ম্যাচে ফিরে আসতে পারেনি।