এমবাপেকে নিয়ে চিন্তিত নন ডেনিশ কোচ
সময়ের সেরা ফুটবলারদের একজন কিলিয়ান এমবাপে। সবশেষ বিশ্বকাপে ফ্রান্সের শিরোপা জয়ের নায়ক। এবারের বিশ্বকাপেও শিরোপা জয়ের মতো দল নিয়ে এসেছে ফরাসিরা। দলে আছেন এমবাপেও। প্রথম ম্যাচে গোলও পেয়েছেন। ফর্মে থাকা এমবাপেকে নিয়ে খুব চিন্তিত নন ডেনমার্ক কোচ কাসপার হিউমান্দে।
বিশ্বকাপে ‘ডি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ মাঠে নামবে ফ্রান্স ও ডেনমার্ক। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে বেশ ফুরফুরে মেজাজে আছে ফ্রান্স। ডেনিশরা নিজেদের প্রথম ম্যাচে তিউনিসিয়ার বিপক্ষে করেছে গোলশূন্য ড্র। এই ম্যাচে তাই জয়ের দিকেই ডেনমার্কের নজর।
তবে জয় পাওয়াটা যে সহজ হবে না সেটা ভালো করেই জানে ডেনিশরা। একই সঙ্গে নিজেদের জাল সুরক্ষিত করার দিকেও নজর রয়েছে তাদের। এ জন্য সবার আগে আটকাতে হবে এমবাপেকে।
এমবাপেকে নিয়ে ভয় কাজ করছে কিনা, এমন প্রশ্নের জবাবে ডেনিশ কোচ কাসপার হিউমান্দে জানিয়েছেন, তাকে ঠেকিয়ে রাখার চেষ্টা করা হবে। খুব চিন্তিত্ব নন তিনি।
হিউমান্দে বলেন, আমার মনে হয় না, ভয় পাওয়া ভালো কিছু হবে। তাকে থামানোর পরিকল্পনা আছে। তবে শীর্ষমানের খেলোয়াড়দের জন্য যে পরিকল্পনাই করা হোক না কেন, তাদের দমিয়ে রাখা যায় না। ম্যাচে তার প্রভাব কমিয়ে রাখার পথ নিয়ে অনেক বিশ্লেষণ করেছি। আমরা চাই না, সে তার ঝলক দেখাক।
ডেনমার্কের বিপক্ষে ফ্রান্সের সাম্প্রতিক ফর্ম ভালো নয়। সবশেষ নেশন্স লিগে মুখোমুখি দুই ম্যাচই হেরেছে তারা। ওই দুই লড়াইয়ে কোনো গোল পাননি এমবাপে। বাংলাদেশ সময় আজ রাত ১০টায় ফ্রান্সের মুখোমুখি হবে ডেনমার্ক।