ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
কাতার ফুটবল বিশ্বকাপ- ২০২২

স্কালোনির ছোট্ট যে হোয়াটসঅ্যাপ বার্তা বদলে দিয়েছে মেসিকে

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯:০৯, ১৫ ডিসেম্বর ২০২২
স্কালোনির ছোট্ট যে হোয়াটসঅ্যাপ বার্তা বদলে দিয়েছে মেসিকে
মেসির সঙ্গে স্কালোনি

লিওনেল মেসির অভিষেক ম্যাচের কথা মনে আছে? অবশ্য সেই ম্যাচের স্মৃতি সম্ভবত খোদ মেসিও মনে রাখতে চাইবেন না। কারণ অভিষেক ম্যাচে যে ৪০ সেকেন্ডের বেশি মাঠে থাকতে পারেননি তিনি।

২০০৫ সালে হাঙ্গেরির বিপক্ষে মেসির আন্তর্জাতিক অভিষেকের সেই ম্যাচে মাঠে নেমেই প্রতিপক্ষের খেলোয়াড়ের কড়া ট্যাকলের শিকার হন তিনি। ১৮ বছর বয়সী মেসি মেজাজ হারিয়ে সেই হাঙ্গেরিয়ান খেলোয়াড়ের জার্সি টেনে ধরেন। আর রেফারি তাকে দেখান লাল কার্ড।

অর্থাৎ, আর্জেন্টিনার জার্সিতে মেসির আন্তর্জাতিক অভিষেকই হয়েছিল চোখের পানি ফেলে। তার সেই ম্যাচটিতে আর্জেন্টাইন দলে ছিলেন আরেক ‘লিওনেল’। তিনি লিওনেল স্কালোনি, আর্জেন্টিনার বর্তমান কোচ। ছিলেন এখনকার সহকারী কোচ পাবলো আইমারও।

Advertisement

মেসি লাল কার্ড খাওয়ার সঙ্গে সঙ্গেই এ দুজন রেফারিকে ঘিরে ধরে তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন। মেসিকে দিয়েছিলেন সান্ত্বনা। মেসি ওই মুহূর্তটি কখনোই ভুলতে পারেননি।

সেই স্কালোনি আর আইমারের হাতে ২০১৮ সালে আর্জেন্টিনা দলের দায়িত্ব তুলে দেওয়া হয়। আর্জেন্টাইন ফুটবলের তখন দুঃসময়। ২০১৮ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে উঠতেই ব্যর্থ হয়েছে আর্জেন্টিনা। দ্বিতীয় রাউন্ডে উঠলেও গ্রুপ পর্বে মাত্র একটি ম্যাচ জিতেছে আর্জেন্টিনা (নাইজেরিয়ার বিপক্ষে)।

আইসল্যান্ডের বিপক্ষে ড্র করে বিশ্বকাপ শুরু করা মেসির দল দ্বিতীয় ম্যাচে ৩–০ গোলে পর্যুদস্ত ক্রোয়েশিয়ার বিপক্ষে। দ্বিতীয় রাউন্ডে কিলিয়ান এমবাপ্পে ‘খুন’ করেছেন আর্জেন্টিনা দলকে। যদিও ম্যাচটি ৪–৩ গোলে হেরেছিল আর্জেন্টিনা।

বিশ্বকাপের আগেও ব্যর্থতার মিছিলেই ছিল আর্জেন্টিনা দল। কোপা আমেরিকায় দুটি ফাইনাল হেরেছে। মেসিকে নিয়ে তখন সমালোচনার ঢেউ। মেসি মুক্তির উপায় খুঁজছিলেন। সিদ্ধান্তটা প্রায় নিয়েই ফেলেছেন, আর্জেন্টিনার জার্সিতে আর নয়। নিন্দুকেরা তখন যে ঠোঁট উল্টে মেসির নিবেদন নিয়েই প্রশ্ন তুলে দিয়েছেন।

এরপর আর্জেন্টিনার দায়িত্ব নেন স্কালোনি। কিন্তু হোর্হে সাম্পাওলির পর আর্জেন্টিনার ফুটবল অনুরাগীরা চাচ্ছিলেন একজন ‘তারকা কোচ’। স্কালোনি কোনো বিচারেই তারকা কোচ ছিলেন না। আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের ‘যুব কার্যক্রম’ দেখভাল করা সাধারণ একজন কোচ তখন তিনি।

দায়িত্ব নিয়েই মেসিকে হোয়াটসঅ্যাপে একটা বার্তা পাঠিয়েছিলেন স্কালোনি। খুব আবেগঘন কিছু ছিল না। লিখেছিলেন, ‘লিও! কেমন আছ? তোমার সঙ্গে কি আমি আর আইমার একটু দেখা করতে পারি?’

জাতীয় দল নিয়ে চরম হতাশার মধ্যেও স্কালোনির সেই বার্তায় সাড়া না দিয়ে পারেননি মেসি। কীভাবে পারবেন! স্কালোনি আর আইমারের প্রতি তার যে অন্য রকম অনুরাগ। স্কালোনি মানুষ হিসেবে তার প্রিয় ছিলেন সব সময়ই। আইমার তো ছিলেন মেসির আইডলই!

মেসি নিজেই অনেকবার বলেছেন, আইমারকে দেখেই বড় হয়েছেন। পরে দুজনের সঙ্গে দীর্ঘ আলাপে মেসি আর্জেন্টিনাকে নিয়ে আবার স্বপ্ন দেখা শুরু করেন। এরপরের ইতিহাস তো সবার সামনেই।

মেসি–স্কালোনি জুটি বেঁধে আর্জেন্টিনাকে ২৮ বছর পর এনে দিয়েছেন আন্তর্জাতিক শিরোপা। টানা ৩৬ ম্যাচে অজেয় থেকেছেন। ব্যর্থতার চোরাবালিতে ঘুরপাক খেতে থাকা দলকে বানিয়েছেন বিশ্বকাপ জয়ের উপযোগী। কাতারে দলকে তুলেছেন ফাইনালে।

নতুন ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে মেসির নিশ্চয়ই মনে পড়ছে সেই হোয়াটসঅ্যাপ বার্তার কথা!

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!