ওয়ানডের ইতিহাসে বাবরের প্রথম বিরল ‘হ্যাটট্রিক’
ক্রিকেটে হ্যাটট্রিক জিনিসটা বোলারের জন্য আনন্দের। কিন্তু একজন ব্যাটার হ্যাটট্রিক করছেন, এমন নজির বেশ বিস্ময়ের খোরাক যোগাবে নিশ্চয়। অবাক হলেও সত্যি, ব্যাটার হিসেবে তেমনই এক বিরল রেকর্ড গড়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম।
টানা তিন ওয়ানডেতে স্টাম্পড হয়ে এই বিরল হ্যাটট্রিকের রেকর্ডে নাম লিখিয়েছেন বাবর। ওয়ানডে ইতিহাসে এই প্রথম কোনো ব্যাটসম্যান পুরো সিরিজের সব কটি ম্যাচেই স্টাম্পড আউট হলেন।
নিউজিল্যান্ডের বিপক্ষে বাবর পেলেন এই ‘হ্যাটট্রিকের যন্ত্রণা’। এই হ্যাটট্রিক করার পথে বাবর তৃতীয় ওয়ানডেতে মাইকেল ব্রেসওয়েল, দ্বিতীয় ওয়ানডেতে ইস সোধি ও প্রথম ওয়ানডেতে গ্লেন ফিলিপসের বলে আউট হয়েছেন।
.png)
আরেকটা মজার ব্যাপার হলো, বাবর ৯৫ ওয়ানডের ক্যারিয়ারে এর আগে মাত্র একবারই স্টাম্পিংয়ের শিকার হয়েছিলেন। ২০১৮ এশিয়া কাপের সেই আউটটি ছিল আফগানিস্তানের বিপক্ষে। এবার নিউজিল্যান্ডের বিপক্ষে এক সিরিজের তিন ম্যাচেই তিনবার!
ওয়ানডেতে এক সিরিজে তিনবার স্টাম্পড আউট হওয়ার ঘটনা অবশ্য আরও তিনটি আছে। তবে তিন ম্যাচের সিরিজে টানা তিনবার এই প্রথম। তিন ম্যাচে স্টাম্পড আউটের সূচনা করেন বাবরের স্বদেশী সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম।
১৯৯৬-৯৭-এ ত্রিদেশীয় সিরিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনবার স্টাম্পিংয়ের শিকার হয়েছিলেন ওয়াসিম। দুবার শেন ওয়ার্নের বলে, একবার স্টুয়ার্ট ল’র বলে। ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে হওয়া সেই কার্লটন অ্যান্ড ইউনাইটেড সিরিজে ৮ ম্যাচ খেলেছিল পাকিস্তান।
এছাড়াও সিরিজে তিনবার স্টাম্পিংয়ের দ্বিতীয় ঘটনাটিও কার্লটন অ্যান্ড ইউনাইটেড সিরিজে। ১৯৯৯ সালে অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা ও ইংল্যান্ডকে নিয়ে হওয়া সেই সিরিজে তিনবার স্টাম্পড হন নাসের হুসেইন। এই সিরিজে ইংল্যান্ড খেলেছিল মোট ১০ ম্যাচ।
তবে এক সিরিজে তিনবার স্টাম্পড হওয়া প্রথম তিনজনকে সব দিক থেকেই ছাড়িয়ে গেছেন বাবর। এই রেকর্ডের পথে বাবর আরেকটি রেকর্ড গড়েন। তা হলো, সব কটিতে আউটে বোলার ভিন্ন তিনজন থাকলেও উইকেটকিপার ছিলেন একজনই।