আখাউড়ায় শিক্ষার্থীদের মাঝে দেড় হাজার গাছের চারা বিতরণ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শিক্ষার্থীদের মধ্যে প্রায় দেড় হাজার বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা ও বৃক্ষরোপণে শিক্ষার্থীদের উৎসাহিত করতে ব্যক্তিগত উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
মঙ্গলবার বিকেলে পৌর শহরের মসজিদপাড়া এলাকায় নাছরীন নবী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে এসব চারা তুলে দেওয়া হয়। চারা নিতে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ দেখা যায়।
কর্মসূচির উদ্যোক্তা হাজী সালাউদ্দিন ভূঁইয়া জানান, পরিবেশ রক্ষার পাশাপাশি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং আখাউড়াকে সবুজ ও পরিচ্ছন্ন রাখতে বিভিন্ন এলাকায় গাছের চারা বিতরণ করা হচ্ছে। ব্যক্তিগত অর্থায়নে তিনি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে নানা উন্নয়নমূলক কার্যক্রমও পরিচালনা করছেন বলে জানান।
.png)
সালাউদ্দিন ভূঁইয়া পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে স্থানীয়ভাবে আলোচনায় রয়েছেন।
চারা পাওয়া শিক্ষার্থীরা জানায়, এমন উদ্যোগ তাদের বৃক্ষরোপণে উৎসাহিত করবে। তারা নিজ নিজ বাড়ির আঙিনা ও খালি জায়গায় চারাগুলো যত্নসহকারে রোপণ করবে।
শিক্ষার্থী আফসানা আক্তার লিপি বলেন, ‘এই প্রথম কোনো ব্যক্তি আমাদের পরিবেশবান্ধব গাছের চারা উপহার দিয়েছেন। এমন উপহার সচরাচর পাওয়া যায় না। চারা পেয়ে আমার খুব ভালো লেগেছে। বাড়িতে গিয়ে যত্নসহকারে এটি লাগাব।’
হাজী সালাউদ্দিন ভূঁইয়া বলেন, ‘পরিবেশ রক্ষায় গাছের কোনো বিকল্প নেই। আমরা যে প্রাকৃতিক অক্সিজেনের ওপর নির্ভর করে বেঁচে আছি, গাছ তার অন্যতম প্রধান উৎস। তাই পরিবেশের ভারসাম্য রক্ষা ও মানুষের সুস্থ জীবনের জন্য বৃক্ষরোপণ জরুরি।’
তিনি বলেন, ‘আখাউড়াকে সবুজ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য পৌরসভা হিসেবে গড়ে তুলতে আমার এই উদ্যোগ। জনকল্যাণমূলক কাজের অংশ হিসেবে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা করব।’
স্থানীয়রা বলছেন, শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণের মতো উদ্যোগ একদিকে যেমন বৃক্ষরোপণে আগ্রহ তৈরি করবে, অন্যদিকে পরিবেশ রক্ষায় নতুন প্রজন্মের মধ্যে সচেতনতা বাড়াতে ভূমিকা রাখতে পারে।