সাকিবের সঙ্গে দ্বন্দ্ব, এবার বোমা ফাটালেন তামিম
দেশের দুই সিনিয়র ক্রিকেটার সাকিব আল হাসান এবং তামিম ইকবালের মধ্যে বিরোধ নিয়ে মিডিয়ায় মন্তব্য করেছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। বর্তমানে এই ইস্যু নিয়ে মাঠ এবং মাঠের বাইরে আলোচনা-সমালোচনার শেষ নেই।
আর এসব বিষয়ে খোলাসা করার জন্যই রোববার মিরপুরে এক সংবাদ সম্মেলন করেন তামিম ইকবাল। এতে মাঠের বাইরে সম্পর্ক যেমনই থাকুক, মাঠের ভেতরে তাদের মধ্যে সম্পর্ক খুবই স্বাভাবিক বলে মন্তব্য করেছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক।
তামিক ইকবাল বলেন, পরিষ্কার করে বলছি যে, বাংলাদেশের জার্সি গায়ে আমরা যখন মাঠে নামি, তখন আমাদের মধ্যে কোনো সমস্যা থাকে না। আমরা একসঙ্গে ব্যাটিং করি, পার্টনারশিপ করি। তখন আমাদের মধ্যে কোনো ঝামেলা থাকে না।
.png)
তিনি আরো বলেন, আমি ওয়ানডে অধিনায়ক। ম্যাচে তার যখন প্রয়োজন তখন তাকে দিয়ে বোলিং করাই। ফিল্ডিং সাজাই। সে উইকেট পেলে তাকে কংগ্রাচুলেট করি, হাইফাই করি। সেও করে। কাজেই আপনাদের বলতে পারি, মাঠের মধ্যে আমাদের সম্পর্কে কোনো সমস্যা নেই।
এদিকে একদিন আগেই এক সাক্ষাৎকারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, দলের মধ্যে গ্রুপিং আছে। এছাড়া সাকিব এবং তামিমের মধ্যে বিরোধ রয়েছে। একজনের সঙ্গে আরেকজনের মুখ দেখাদেখি পর্যন্ত বন্ধ। এ নিয়ে তিনি নিজে উদ্যোগ গ্রহণ করেও দুজনের বিরোধ মেটাতে পারেননি বলে মন্তব্য করেছিলেন বোর্ড প্রেসিডেন্ট।
এদিকে আপনাদের মধ্যে সম্পর্কের এই সমস্যাটা ঠিক করা কী সম্ভব নয়? সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে তামিম জানান, অবশ্যই সম্ভব এবং তিনি এ ব্যাপারে ইতিবাচক। শুধু তাই নয়, এ ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করতেও ইচ্ছুক তিনি। তিনি বলেন, ‘অবশ্যই সম্ভব। কেন সম্ভব নয়? আমি আমার দিক থেকে বললাম। আপনাদের তো অন্যপক্ষ থেকেও শুনতে হবে। আমি যতটুকু সম্ভব সহজ হওয়ার হবো। সম্পর্ক স্বাভাবিক হতে সবকিছুই সম্ভব।