বিশ্বকাপের পর ঘরের মাঠে ব্রাজিলের মুখোমুখি হয়েছিল মরক্কো। এ ম্যাচে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের ২-১ গোলের ব্যবধানে হারিয়ে রীতিমতো ইতিহাস গড়েছে তারা। দলের এমন সাফল্যে দারুণ উচ্ছ্বসিত মরক্কো কোচ ওয়ালিদ রেগরাগি।
সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মরক্কো কোচ বলেছেন, মনে হচ্ছে স্বপ্ন দেখছি। আমরা ইতিহাস রচনা করেছি। আমরা ব্রাজিলকে হারিয়েছি, যারা ফিফা র্যাঙ্কিংয়ে এক নম্বর এবং ফুটবলের দেশ।
.png)
তিনি আরো বলেন, ‘উদযাপনটি সুন্দর করতে, আমাদের এই ম্যাচটি জিততে হতো এবং আমরা তাই করেছি। দলের মানসিক অবস্থা পার্থক্য গড়ে দিয়েছে এবং মানুষকে আবার খুশি করেছে এবং এটাই গুরুত্বপূর্ণ।’
বিশ্বকাপের পর এটিই ছিল মরক্কোর প্রথম ম্যাচ। খেলাটি দেখতে ইবনে বতুতা স্টেডিয়ামে ৬৫ হাজারের বেশি দর্শক উপস্থিত হয়েছিলেন।
এ ম্যাচের প্রথমার্ধে সোফিয়ান বুফাল মরক্কোকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধে তাদের গোলরক্ষক ইয়াসিন বোনোর ভুলে সমতা ফেরান কাসেমিরো।
এরপর নির্ধারিত সময়ের ১১ মিনিট বাকি থাকতে দ্রুত গতির শটে ব্যবধান গড়ে দেন আব্দেল হামিদ সাবিরি।