বুধবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। এ ম্যাচে লাল সবুজের জার্সিতে সবচেয়ে দ্রুততম মাত্র ১৮ বলে ফিফটি হাঁকিয়ে রেকর্ড গড়েন লিটন। দুর্দান্ত অর্ধশতকের পর সেঞ্চুরির দিকে এগিয়ে গেলেও শেষ পর্যন্ত থামতে হয়েছে তাকে।
আগের ম্যাচেও ২৩ বলে ৪৩ রানের ইনিংস খেলেছিলেন লিটন। তাতে বাংলাদেশের হয়ে টি-২০তে দ্রুততম দেড় হাজার রানের মালিক হয়েছেন তিনি।
.png)
পরের ম্যাচেই আরো একটি রেকর্ড নিজের দখলে নিলেন। কিন্তু তিনি জানালেন, মাঠে নামার সময় এসব রেকর্ডের কথা তার মাথায় থাকে না।
আন্তর্জাতিক টি-২০তে তামিম ইকবাল ছাড়া সেঞ্চুরি নেই আর কোনো বাংলাদেশির। দ্বিতীয় বাংলাদেশি হিসেবে লিটনের সামনে সুযোগ ছিল এদিন। কিন্তু সুযোগ হাতছাড়া করলেন এই স্ট্যাইলিশ ব্যাটার। আফসোস থাকলেও মেনে নিচ্ছেন দুর্ভাগ্যকে।
তিনি বলেন, ‘আমার মনে হয় মাঝখানে আমি একটু বেশি তাড়াহুড়া করছিলাম। আর ওদের স্পিনাররাও খুব ভালো বল করছিল। উইকেটও হেল্প করছিল তাদের। আমি যদি আরেকটু সময় নিয়ে পেস বলগুলো খেলতাম তাহলে আজকে হয়তো তিরাশির জায়গায় একশ হতো। যাইহোক, ঠিক আছে এটা।’
তবে দ্রুততম অর্ধশতকের রেকর্ড গড়েও খুশি লিটন, 'ওই-ই একই। ভালো লাগা ফিল করছি। সেঞ্চুরি হলে খুব ভালো লাগত।'