আমরা কঠিন চ্যালেঞ্জের জন্য প্রস্তুত: ক্যাবরেরা
২০২২ সালে ২৩তম বিদেশি কোচ হিসেবে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের দায়িত্ব নেন হ্যাভিয়ের ক্যাবরেরা। এরপর থেকে দলকে সেভাবে সাফল্য এনে দিতে পারেননি তিনি। এবার তার সামনে সাফ চ্যাম্পিয়নশিপ পরীক্ষা। আসন্ন টুর্নামেন্টে সফলতা পেতে বেশ আশাবাদী এ স্প্যানিশ কোচ।
এবারের সাফে এশিয়ার বাইরের দুই শক্তিশালী ফুটবল দল অংশ নেবে। এরই মধ্যে কুয়েত সাফে খেলতে রাজিও হয়েছে। এ টুর্নামেন্টে আরো একটি দল অংশ নেয়ার সম্ভাবনা রয়েছে।
ক্যাবরেরা বলেন, ‘আমরা নিজেদের খেলার ওপর ফোকাস করতে চাই। ম্যাচ বাই ম্যাচ ভালো খেলে ভালো কিছু অর্জনের বিষয়ে আশাবাদী। আমরা কঠিন চ্যালেঞ্জের জন্য প্রস্তুত। ’
.png)
তিনি আরো বলেন, ‘সাফের আগে আমরা প্রায় তিন সপ্তাহ অনুশীলনের সুযোগ পাবো। আমি মনে করি, মার্চে আমাদের যে প্রস্তুতি নেয়া হয়েছে তা আগামীতেও কাজে লাগবে। ভারতে যাওয়ার আগে আমরা কম্বোডিয়ার বিপক্ষে খেলবো। ঐ ম্যাচটিও বেশ চ্যালেঞ্জিং হবে।’
এখনো সাফের গ্রুপ নির্ধারিত হয়নি। কঠিন গ্রুপ কিংবা সহজ গ্রুপ নিয়ে ভাবছেন না ক্যাবরেরা।
তিনি বলেন, ‘গ্রুপিং নিয়ে ভাবছি না। আমরা শক্তিশালী দল। আমরা নিজেদের ব্যাপারে আত্মবিশ্বাসী। গ্রুপের প্রতিপক্ষ কারা, তা আমাদের ভাবনায় নেই।’