ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

সুখবর পেলেন রুট

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮:৪৮, ২১ জুন ২০২৩
সুখবর পেলেন রুট
জো রুট। ছবি- সংগৃহীত

এজবাস্টন টেস্টের প্রথম দিনেই দুর্দান্ত শতক হাকিয়েছেন ইংল্যান্ডের ব্যাটার জো রুট। আর দ্বিতীয় ইনিংসে করেন ৪৬ রান। অবশ্য তাতেও অস্ট্রেলিয়ার বিপক্ষে হার এড়াতে পারেনি তার দল। কিন্তু দল হারলেও দারুণ সুখবর পেয়েছেন এই ডানহাতি ব্যাটার।

অ্যাশেজের প্রথম টেস্টে মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। এ ম্যাচে ২ উইকেটে রোমাঞ্চকর জয় পেয়েছে অজিরা। এতে অ্যাশেজে ১-০ ব্যবধানে এগিয়ে থাকল প্যাট কামিন্সের দল।

এজবাস্টনে প্রথম ইনিংসে ইংলিশদের হয়ে টেস্ট ক্যারিয়ারের ৩০তম সেঞ্চুরি করেছিলেন জো রুট। যার ফল তিনি হাতেনাতে পেয়েছেন। টেস্ট র‌্যাংকিংয়ে ব্যাটারদের তালিকায় শীর্ষে ওঠে এসেছেন ইংলিশদের সাবেক এ অধিনায়ক।

নম্বর ওয়ান পজিশন দখলে রুট লাফিয়ে পেরিয়েছেন পাঁচ ধাপ। এর মাধ্যমে তিনি অস্ট্রেলিয়ান মার্নাস লাবুশেনকে হটিয়ে দিয়েছেন। এতদিন পর্যন্ত শীর্ষে থাকা লাবুশেন এই টেস্টের দুই ইনিংসে করেছেন যথাক্রমে ০ এবং ১৩ রান। ফলে দুই ধাপ অবনতি হয়ে তিনি তিনে নেমে গেছেন।

বুধবার পুরুষদের এই টেস্ট র‌্যাংকিং প্রকাশ করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। যেখানে বর্তমানে মাঠের বাইরে ইনজুরিতে থাকা সাবেক নিউজিল্যান্ড অধিনায়ক কেইন উইলিয়ামসন দুইয়ে ওঠে এসেছেন। এছাড়া ইংল্যান্ডকে হারানোর ম্যাচে সেরার পুরস্কার জেতা উসমান খাজারও উন্নতি হয়েছে।

অস্ট্রেলিয়ার ওপেনার খাজা ইংল্যান্ডের বিপক্ষে ভালো পারফরম্যান্স করার সুবাদে ক্যারিয়ারসেরা রেটিং (৮৩৬) নিয়ে সপ্তম স্থানে উঠে এসেছেন। এছাড়া ইংলিশ ব্যাটার হ্যারি ব্রুকও তার সংক্ষিপ্ত টেস্ট ক্যারিয়ারের সর্বোচ্চ স্থান দখল করেছেন। তিনি পাঁচ ধাপ লাফিয়ে অবস্থান করছেন ১৩তম স্থানে। তবে ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ স্টিভ স্মিথ দুই থেকে ৬ নম্বরে এবং ট্র্যাভিস হেড তিন থেকে চারে নেমে গেছেন।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
ট্যাগ: জো রুট
লিংক সফলভাবে কপি হয়েছে!