অর্থাৎ টানা তিন গ্রীষ্ম মৌসুমে বড় তিনটি টুর্নামেন্টের আয়োজক হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ২০২৬ বিশ্বকাপ যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হবে। এর আগে আগামী বছরও বর্ধিত পরিসরে কোপা আমেরিকা আয়োজিত হবে যুক্তরাষ্ট্রে। এই আসরে দক্ষিণ আমেরিকার ১০টি দল ছাড়াও কনকাকাফ অঞ্চলের ছয়টি দল অংশ নেবে।
২০০০ সাল থেকে শুরু হওয়া ক্লাব বিশ্বকাপ বিশ্ব ফুটবলে খুব একটা আকর্ষণ টানতে পারেনি। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো দীর্ঘদিন ধরেই ইউরোপা, দক্ষিণ আমেরিকা ও বিশ্বের অন্যান্য অঞ্চলের আরো বেশী দলের অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করার তাগিদ জানিয়ে আসছিলেন। ফেব্রুয়ারিতে সবশেষ আসরে মরক্কোতে শেষ হওয়া ক্লাব বিশ্বকাপে মাত্র সাতটি দল অংশ নিয়েছে।
.png)
ইনফান্তিনো বলেন, ‘২০২৫ ক্লাব বিশ্বকাপ পুরুষদের পেশাদার ক্লাব ফুটবলে শীর্ষস্থান দখল করবে বলে আমার বিশ্বাস। আর বর্ধিত পরিসরের এই আসর আয়োজনের জন্য যে পরিমাণ অবকাঠামোগত সুবিধা ও স্থানীয় সমর্থকদের আগ্রহের প্রয়োজন হয় তা এই মুহূর্তে যুক্তরাষ্ট্র ছাড়া আর কারোরই নেই।’
এখানে খেলতে আসা দলগুলোর জন্য বাছাই প্রক্রিয়া কি হবে তা নিয়ে বিস্তারিত এখনো কোন সিদ্ধান্ত হয়নি। তবে আসন্ন টুর্নামেন্টে খেলতে পারে এমন ক্লাবগুলোর মধ্যে রয়েছে রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি, চেলসি, ব্রাজিলিয়ান ক্লাব ফ্লামেঙ্গো ও পালমেইরাস, মেক্সিকান ক্লাব লিঁও ও মেজর লিগ সকারের ক্লাব সিটল সাউন্ডার্স।
ফিফা জানিয়েছে তারিখ, স্বাগতিক শহর ও ম্যাচ সূচি আগামী কয়েক দিনের মধ্যে জানিয়ে দেয়া হবে। এর আগে গত ফেব্রুয়ারিতে ফিফা নতুন আঙ্গিকে এই টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা দেয়।
সেখানে বলা হয় ইউরোপের ১২টি দল, দক্ষিণ আমেরিকার ছয়টি দল এবং এশিয়া, আফ্রিকা ও কনকাকাফ অঞ্চল থেকে চারটি করে দল অংশ নেবে। এছাড়া ওশেনিয়া অঞ্চল থেকে একটি দল ও স্বাগতিক দেশ সরাসরি এই টুর্নামেন্টে খেলার সুযোগ পাবে।
ইউরোপীয়ান দেশগুলোর মধ্যে থাকবে শেষ পাঁচবারের চ্যাম্পিয়ন্স লিগ বিজয়ী দল। নতুন টুর্নামেন্টটি বিশ্বকাপের মতই প্রতি চার বছর অন্তর অনুষ্ঠিত হবে। সংক্ষিপ্ত পরিসরের সর্বশেষ টুর্নামেন্টটি আগামী ডিসেম্বরে সৌদি আরবে অনুষ্ঠিত হবার কথা রয়েছে।