ইতিহাস গড়ে যা বললেন টাইগ্রেস অধিনায়ক
মিরপুরে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ভারতের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশের মেয়েরা। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ভারতকে ডার্ক লুইস মেথডে (বৃষ্টি আইন) ৪০ রানে হারিয়েছে স্বাগতিকরা। এরমধ্য দিয়ে ওয়ানডে ফরম্যাটে সফরকারীদের প্রথমবারের হারালো নিগার সুলতানা জ্যোতির দল।
রোববার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয় বাংলাদেশ ও ভারতের মেয়েরা। কার্টেল ওভারের (৪৪) ম্যাচটিতে ৪৩ ওভারে সব উইকেট হারিয়ে ১৫২ রান সংগ্রহ করে স্বাগতিকরা। আর বৃষ্টি আইনে ভারতের সামনে লক্ষ্য দাঁড়ায় ১৫৪ রান। জবাবে ব্যাট করতে নেমে ১১৩ রানেই থেমে যায় সফরকারীদের ইনিংস। এতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে থাকলো লাল-সবুজের প্রতিনিধিরা।
ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয়ের পর জ্যোতি বলেন, ‘আমরা যখনই যা করছি, সব ইতিহাসের অংশ হয়ে যাচ্ছে (হাসি)...এটাও বলবো। লম্বা সময় পরে ভারতের বিপক্ষে জেতা। বলবো যে অনেক লম্বা সময় এর সঙ্গে হচ্ছে মিরপুরের মাঠে জয়। আমি বলবো অবশ্যই ইতিহাসের অংশ। ইতিহাসের লেখাগুলো যেন আরেকটু বাড়াতে পারি সেটা আমাদের চেষ্টা থাকবে।’
তিনি বলেন, ‘মেয়েরা অনেক বেশি রোমাঞ্চিত ছিল কিন্তু আমি বলেছি যে না আসলে শেষ হয়নি এখনো। কারণ যখন আপনি ভালো করবেন আপনার প্রতি দায়িত্বটা আরো বেশি থাকবে। যেমন আপনাদেরও একটা প্রত্যাশা তৈরি হয়েছে যেন আমরা সিরিজ নিই, আমাদেরও একই। ’
.png)
টাইগ্রেস দলপতি বলেন, ‘কারণ আমরা জানি আমরা ভালো ক্রিকেট খেললে একটা ধাপ এগিয়ে যাবো যা আমাদের ক্রিকেটের জন্য অনেক বড় অর্জন হবে। ওদের থামিয়ে রেখেছি যে উল্লাসের এখনো অনেক কিছু বাকি আছে। হয়তো সিরিজ নিতে পারলে দেখা যাচ্ছে ওভাবে আমরা সেলিব্রেট করবো।’