‘পুরো সিরিজে বাংলাদেশ একটুও ছাড় দেয়নি’
ঘরের মাঠে ভারত নারী দলের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলছে বাংলাদেশের মেয়েরা। যেখানে সিরিজের প্রথমটিতে হারলেও দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়িয়েছে সফরকারীরা। এতে সিরিজে সমতা ফেরাতে সক্ষম হয়েছে হারমানপ্রীত কৌরের দল।
এদিকে প্রথম ম্যাচে ভূমিকা রাখতে না পারলেও সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে জ্বলে উঠেন ভারতীয় অলরাউন্ডার জেমিমা রদ্রিগেজ। সিরিজ বাঁচানোর ম্যাচে ব্যাট হাতে দলের পক্ষে সর্বোচ্চ ৮৬ রান ও ৪ উইকেট শিকার করেন তিনি। দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে বড় জয় পেলেও রদ্রিগেজ জানান, পুরো সিরিজে বাংলাদেশ একটুও ছাড় দেয়নি।
বুধবার ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে আসার পথে একাধিকবার থামতে হয়েছে রদ্রিগেজকে। সেলফি আবদার পূরণ করে গণমাধ্যমের সামনে হাজির হন তিনি।
ম্যাচ জিতলেও বাংলাদেশের প্রশংসা করে তিনি বলেন, ‘আমার মনে হয় পুরো সিরিজে বাংলাদেশ যেভাবে বোলিং ও ফিল্ডিং করেছে সেটা দুর্দান্ত। পুরো সিরিজে তারা আমাদের একটুও ছাড় দেয়নি।’
রদ্রিগেজ আরো বলেন, ‘আপনারা জানেন আমরা বাঁচা মরার লড়াইয়ে ছিলাম। ক্রিকেটে সবাই এখানে জিততে এসেছে। আমাদের চিন্তা ছিল কিভাবে ডমিনেট করা যায়। বাংলাদেশের বোলিং নিয়ে যদি বলি তাহলে বলতে হয় ওরা দারুণ বোলিং করেছে। আবহাওয়া তাদেরকে সমর্থন দিয়েছে। আমরাও ভালো বোলিং করেছি।’