ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

‘বিশ্বকাপে তামিমকে ভীষণ দরকার’

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৫:২৬, ১৯ আগস্ট ২০২৩
‘বিশ্বকাপে তামিমকে ভীষণ দরকার’
তামিম ইকবাল

আসন্ন এশিয়া কাপ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন তামিম ইকবাল। কারণটি হলো কোমরের ইনজুরি। তবে বিশ্রাম শেষে ব্যাটিং অনুশীলন শুরু করেছেন তিনি। কিন্তু কবে নাগাদ টাইগার স্কোয়াডে ফিরবেন তিনি সে বিষয়ে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

অনেকেরই ধারণা, সবকিছু ঠিক থাকলে ঘরের মাঠে অনুষ্ঠেয় নিউজিল্যান্ড সিরিজ দিয়ে ফিরবেন তামিম। একই প্রত্যাশা করছেন বিসিবি নির্বাচক হাবিবুল বাশার সুমনও।

আগামী সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। মিরপুরে অনুষ্ঠেয় ম্যাচগুলো ২১, ২৩ ও ২৬ সেপ্টেম্বর মাঠে গড়াবে। এরপরই বিশ্বকাপের জন্য দেশ ছাড়বেন টাইগাররা। 

Advertisement

আইসিসি ওয়ানডে বিশ্বকাপে তামিমকে ভীষণ প্রয়োজন বলে মন্তব্য করেছেন বাশার।

শনিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম মাঠে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘তামিম কঠোর পরিশ্রম করছে। অনেক চেষ্টা করছে ফিরে আসার জন্য। আমার মনে হয় নির্দিষ্ট সময়ের আগেই ফিরে আসবে। নিউজিল্যান্ড সিরিজেই তাকে ফিরে পাওয়ার ব্যাপারে আমি আত্মবিশ্বাসী। কারণ বিশ্বকাপের জন্য তামিমকে আমাদের ভীষণ দরকার।’

আজ তামিম ব্যাটিং করেছেন কিনা এমন প্রশ্নে বাশার বলেন, ‘আমার সঙ্গে আজকে দেখা হয়নি। আমি পরে যাবো। শুরু করুক। আমাদের হাতে সময় আছে। বিশ্বকাপ অক্টোবরে। তার আগে অনেক সময় পাচ্ছে।’

টাইগারদের সাবেক অধিনায়কের মতে, ‘আমি আশাবাদী, নিউজিল্যান্ড সিরিজের আগে তামিম ঠিক হয়ে যাবে। হয়তো কিছুটা ইনজুরি থাকবে। সেটি তামিম জানে। সেই ব্যাপারে নিজেই সবচেয়ে ভালো সিদ্ধান্ত নিতে পারবে। তবে সুস্থ তামিমকে আমাদের ভীষণ দরকার।’

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!