ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

অন্যরকম হকি খেলতে যাচ্ছে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০১:৩২, ২২ আগস্ট ২০২৩
অন্যরকম হকি খেলতে যাচ্ছে বাংলাদেশ
ফাইল ছবি

সময়ের সঙ্গে সঙ্গে জনপ্রিয় হচ্ছে ফাইভ এ সাইড হকি। এই ফরম্যাটে খুব একটা খেলে না বাংলাদেশ। তবে ওমানের সালালায় বিশ্বকাপ বাছাইয়ে ফাইভ এ সাইড হকি খেলবে বাংলাদেশ নারী ও পুরুষ দল।

জাতীয় দলের গোলরক্ষক অসীম গোপ। এশিয়ান গেমসের ক্যাম্প থেকে বাদ পড়ে এখন ফাইভ এ সাইড খেলতে যাচ্ছেন। আজ সংবাদ সম্মেলনে এই হকিকে টি-২০ হিসেবে আখ্যায়িত করে বলেন, ক্রিকেট যেমন ওয়ানডে, টেস্ট, টি-২০; হকিতেও ফাইভ এ সাইড তেমন। ১০/১৫ মিনিট এক হাফ, স্বল্প সময়ে দ্রুত খেলা। হকির টি-২০ বলা যায়।

হকির টি-২০ খেলার অভিজ্ঞতা বাংলাদেশের একেবারে খারাপ নয়। থাইল্যান্ডে যুব অলিম্পিকের ‘ফাইভ-এ-সাইড’ বাছাইপর্ব পেরিয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ যুব হকি দলের আর্জেন্টিনায় চূড়ান্ত পর্ব খেলার অভিজ্ঞতা আছে। নারী দলের এমন অভিজ্ঞতা নেই। 

Advertisement

২০১৯ সালে সিঙ্গাপুরে এএইচএফ অনূর্ধ্ব-২১ হকি টুর্নামেন্টে খেলেছিল বাংলাদেশ নারী দল। এরপর অনেকটা অলস সময় কেটেছে তাদের। এবার চার বছর পর ওমানে খেলতে যাচ্ছে তারা। সিঙ্গাপুরে থাকা খেলোয়াড়দের মধ্যে ৪ জন এই দলে রয়েছেন। বিশ্বকাপ বাছাইয়ে ফাইভ-এ-সাইড হকি হবে সেখানে। 

সালালাহ শহরে নারীদের টুর্নামেন্টটি চলবে ২৫-২৮ আগস্ট। আবার ২৯ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর একই শহরে হবে ছেলেদের বিশ্বকাপ বাছাই এশিয়া হকি ফাইভের আসর। নারী দলটি আগামীকাল ঢাকা ছাড়বে। আর ছেলেরা ২৬ আগস্ট ঢাকা ছাড়বে। ওমান মিশনে বাংলাদেশের দুটি দলেরই কোচ বিকেএসপির হকির বিভাগীয় প্রধান জাহিদুর রহমান রাজু। 

এই টুর্নামেন্টের জন্য বাংলাদেশ হকি ফেডারেশনকে ব্যয় করতে হচ্ছে অর্ধ কোটি টাকা। এর মধ্যে ফেডারেশনের তহবিল থেকে ২৫ লাখ বাকি টাকা ফেডারেশনের কর্মকর্তারা বিভিন্ন মাধ্যমে যোগাড় করেছেন। আজ হকি ফেডারেশনে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন তথ্য দেন সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক সাঈদ।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!