জ্যোতিষীর পরামর্শে একাদশ সাজাতেন ভারতের কোচ
প্রতিপক্ষের বিপক্ষে জয় তুলে নিতে জ্যোতিষীর পরামর্শে একাদশ সাজাতেন ভারতীয় ফুটবল দলের কোচ ইগর স্টিমাচ। অর্থাৎ ম্যাচের আগে একাদশ তৈরিতে জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী অনুযায়ী একাদশ বানাতেন তিনি। এমনকি ওই জ্যোতিষীর জন্য ১৫ লাখ রুপিও খরচ করেছেন এই ক্রোয়েশিয়ান কোচ।
সম্প্রতি এক প্রতিবেদনে এমন তথ্য প্রকাশ করেছে ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, জ্যোতিশী ভুপেশ শর্মার ২০২২ সাল থেকে যোগাযোগ ভারত কোচ স্টিমাচের। ওই বছর এশিয়ান কাপের বাছাইপর্বে আফগানিস্তানের বিপক্ষে খেলতে নামার ৪৮ ঘণ্টা আগে বার্তা পাঠান স্টিমাচ।
ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, চোটে জর্জরিত দল গঠনে তিনি জ্যোতিষীর ভুপেশের পরামর্শ নেন স্টিমাচ। জ্যোতিষীর পাঠানো সেই লিস্টে খেলোয়াড়দের নামের মন্তব্যও জুড়ে দেন তিনি। যেমন – ‘ভালো’, ‘খুব ভালো খেলবে’, ‘আত্মবিশ্বাস বর্জন করতে হবে’, ‘গড়পড়তার থেকেও সাধারণ খেলবে, ‘দারুণ খেলবে তবে বেশি আক্রমণাত্মক হয়ে উঠতে পারে’, ‘এই দিনের জন্য মোটেই সুপারিশকৃত নয়’।
এভাবে প্রায় নিয়মিতই জ্যোতিষী ও ভারত কোচের কথাবার্তা চলত বলে অভিযোগ সংবাদমাধ্যমগুলোর। এ জ্যোতিষীর সঙ্গে স্টিমাচের পরিচয় করিয়ে দিয়েছিলেন ভারতীয় ফুটবল ফেডারেশনের (আইএফএ) সচিব কুশল দাস। তিনি ইন্ডিয়ান এক্সপ্রেসের কাছে ঘটনাটি স্বীকারও করেছেন, ‘ভারত এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে উঠতে পারবে কি না, এ নিয়ে কিছুটা চিন্তিত ছিলাম। তাই ভূপেশের সঙ্গে স্টিমাচের পরিচয় করিয়ে দিয়েছিলাম।’
বিষয়টি নিয়ে সরাসরি মুখ না খুললেও সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে ভারতীয় কোচ দাবি করেছেন, তাকে অহেতুক ‘টার্গেট’ বা নিশানা বানানো হচ্ছে। তবে তাতে তিনি একেবারেই টলে যাচ্ছেন না। বরং ভারতীয় ফুটবলের উন্নতির জন্য তিনি যে স্বপ্ন দেখছিলেন, সেই স্বপ্ন এখনও তার মধ্যে ‘জীবন্ত’ আছে বলে দাবি করেছেন ক্রোয়েশিয়া ফুটবল দলের প্রাক্তন তারকা। যদিও জ্যোতিষী বিতর্ক নিয়ে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (এআইএফএফ) এখনও কোনো মন্তব্য করেনি।