তাসকিন-শরিফুলে মুগ্ধ ভারতের কোচ
চলমান এশিয়া কাপ থেকে কার্যত ছিটকে গেছে বাংলাদেশ দল। তবে সুপার ফোরে টাইগারদের এখনো একটি ম্যাচ বাকি রয়েছে। যেখানে তাদের প্রতিপক্ষ উপমহাদেশের শক্তিশালী দল ভারত।
শুক্রবার কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে সুপারের ফোরে নিজেদের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে নামবে বাংলাদেশ। অবশ্য এ ম্যাচের ফলাফল পয়েন্ট টেবিলে তেমন কোনো প্রভাব ফেলবে না। আর এ কারণেই ম্যাচটি টাইগারদের জন্য স্রেফ নিয়মরক্ষার।
অন্যদিকে, আগেই টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত করায় ম্যাচটিতে কয়েকজন তারকা ক্রিকেটারকে বিশ্রামে রাখার কথা ভাবছে ভারত। টাইগারদের মুখোমুখি হওয়ার আগে তাসকিন-শরিফুলদের নিয়ে প্রশংসা ঝরেছে ভারতের ফিল্ডিং কোচের কণ্ঠে।
ম্যাচের আগের দিন বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে আসেন ভারতীয় ফিল্ডিং কোচ টি দিলিপ। এ সময় তিনি বলেন, ‘বাংলাদেশ অনেক প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ দল। গত কয়েক বছরে তারা অনেক কম্পিটিটিভ ক্রিকেট খেলেছে। তাদের কোয়ালিটিফুল ফাস্ট বোলার উঠে আসছে। গত বিশ্বকাপে তাদের বিপক্ষে খেললাম তখনও দেখেছি। তাদের এখন ভালো ভালো পেসার আছে।’
বাংলাদেশের সঙ্গে ম্যাচটি চ্যালেঞ্জিং হতে পারে বলে মন্তব্য দিলিপের, ‘আমাদের দৃষ্টিকোণ থেকে বলব, আমরা আন্তর্জাতিক ক্রিকেট খেলছি। প্রত্যেক দলই চ্যালেঞ্জিং। এই গেমও ভিন্ন কিছু নয়। বাংলাদেশ ভালো একটি দল। আমাদের সেরা ক্রিকেট খেলতে হবে যেকোনো দলের বিপক্ষেই, যথারীতি বাংলাদেশের বিপক্ষেও।’
গত কয়েকদিন ধরেই ভারতীয় ক্রিকেটারদের বিশ্রামে রাখার বিষয়টি আলোচনায় রয়েছে। সে বিষয়ে তিনি বলেন, ‘এখনও কাউকে বিশ্রাম দেওয়ার ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি। তবে হ্যাঁ, এই ম্যাচ অন্যদের পরখ করে নেয়ার একটা সুযোগ। যেহেতু আমরা ফাইনালে কোয়ালিফাই করে ফেলেছি। বাকি খেলোয়াড়দের একটা ম্যাচ খেলার সুযোগ দেওয়ার সময় এসেছে।’