ইংল্যান্ডের বিপক্ষে যা নিয়ে খুশি বাংলাদেশ
সমালোচনা যেন কিছুতেই পিছু ছাড়ছে না ধর্মশালার। তবে সেটি প্রাকৃতিক পরিবেশ কিংবা পিচের কারণে নয়। মূলত স্টেডিয়ামটির আউটফিল্ড নিয়ে কড়া সমালোচনার মুখে পড়েছে হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন।
এবারের বিশ্বকাপে মাঠটিতে ৫টি ম্যাচ রয়েছে। যার প্রথমটিতে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ-আফগানিস্তান। এ ম্যাচে আউটফিল্ডের অবস্থা ছিল একদম বাজে। যা নিয়ে ম্যাচ চলাকালীন সমালোচনা করেন ধারাভাষ্যকর ও ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার নাসের হুসেইন। ম্যাচের পর একই বিষয় নিয়ে ক্ষোভ ঝরে আফগান কোচ জোনাথন ট্রটের কণ্ঠেও।
মঙ্গলবার একই মাঠে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে ইংল্যান্ড। তার আগের দিন সংবাদ সম্মেলনে এসে মাঠের আউটফিল্ড নিয়ে অসন্তোষ প্রকাশ করেন ইংলিশ অধিনায়ক জস বাটলারও।
.png)
এদিকে ধর্মশালার আউটফিল্ড নিয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন টাইগারদের স্পিন কোচ রঙ্গনা হেরাথ। তিনি বলেন, ‘আমরা কোনো কিছুতে ফিল্ডারদের সীমাবদ্ধতার ভেতর আনতে চাচ্ছি না। কারণ সীমা বেঁধে দিলে তার তাদের শতভাগ দেবে না।’
তিনি আরো বলেন, ‘আমি মনে করি আইসিসি এটা (আউটফিল্ড) নিয়ে খুব পরিশ্রম করেছে। তাই এক্ষেত্রে, যেহেতু এটি স্টান্ডার্ড বজায় রেখেছে, তাই তারা (আইসিসি) অনুমতি দিয়েছে। সুতরাং, আমি এই আউটফিল্ড নিয়ে খুশি।’