ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
আইসিসি ওয়ানডে বিশ্বকাপ-২০২৩

সাকিবকে নিয়ে মাথাব্যথা নেই প্রোটিয়া দলপতির

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৪৯, ২৩ অক্টোবর ২০২৩
সাকিবকে নিয়ে মাথাব্যথা নেই প্রোটিয়া দলপতির
ছবি- সংগৃহীত

ওয়ানডে বিশ্বকাপে নিজেদের পঞ্চম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নামবে বাংলাদেশ দল। ঘুরে দাঁড়ানো ম্যাচে নিজেদের সেরাটা উজাড় করে দিতে প্রস্তুত টাইগাররা। অন্যদিকে, টানা জয় তুলে নিয়ে সেমিফাইনালের পথ সুগম করতে চায় প্রোটিয়ারাও। স্বাভাবিকভাবেই ম্যাচটি যে জমজমাট হতে যাচ্ছে, সেটি বলাই বাহুল্য।

মঙ্গলবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়।

ঊরুর চোটে ভারতের বিপক্ষে ম্যাচে খেলেননি টাইগার অধিনায়ক সাকিব। মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও যে তিনি খেলবেন, এ নিশ্চয়তা নেই। তবে সাকিবের খেলা না খেলা নিয়ে চিন্তিত নন দক্ষিণ আফ্রিকার ভারপ্রাপ্ত অধিনায়ক এইডেন মার্করাম।

Advertisement

সাকিবের থাকা না থাকা ভেবে একাদশ সাজানোর কথাও শোনা যায় মার্করামের মুখে, ‘আমার মনে হয়, সে (সাকিব) খেললে আপনি আপনার হোমওয়ার্ক করে মাঠে নামবেন। সে না খেললে তাদের টিম কম্বিনেশন কেমন হবে, সেটা দেখে দল সাজাবেন। তাই আপনাকে দুটি বিষয়ই মাথায় রাখতে হবে আসলে।’

এ সময় সাকিবের অভিজ্ঞতার কথাও উল্লেখ করেন মার্করাম। তার মতে, ‘অবশ্যই সে (সাকিব) দুর্দান্ত অভিজ্ঞতাসম্পন্ন একজন ক্রিকেটার। বাংলাদেশের জন্য বড় ক্রিকেটার। এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তাই সে যদি খেলে বা না খেলে সেই অনুযায়ী আমাদের পরিকল্পনা তৈরি আছে। আমরা আগামীকাল সেটাই বাস্তবায়ন করব।’

উত্তরের শেষ লাইনে মার্করাম অবশ্য বলেন, ‘কিন্তু সে যদি খেলে বা না খেলে, সেটা নিয়ে আমাদের খুব বেশি মাথাব্যথা নেই।’

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!