শুক্রবার (২৭ অক্টোবর) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিং করে ৬ উইকেটে ১২০ রান করে বাংলাদেশের মেয়েরা। জবাবে পাকিস্তানের মেয়েরা ৭ উইকেটে ১০০ রান করে থামে। ২০ রানের জয় নিয়ে মাঠ ছাড়েন জ্যোতি-মুর্শিদারা।
প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিলেন দুই টাইগ্রেস ওপেনার। তবে দলীয় ৩৪ রানের মাথায় ব্যক্তিগত ১৮ রান করে ফিরে যান শামীমা সুলতানা। এরপর সোবহানা মোস্তারিকে নিয়ে লড়াই চালিয়ে যান মুর্শিদা খাতুন। যদিও তাদের সেই জুটি বেশিক্ষণ স্থায়ী হয়নি।
.png)
৫৪ রানের মাথায় ১৬ রান করে ফেরেন সোবহানা। সঙ্গীকে হারিয়ে বেশিক্ষণ টিকতে পারেননি মুর্শিদাও। তিনি ফিরে যান ২০ রান করে। ৬৭ রানে ৩ উইকেট হারানোর পর দলীয় ৭১ রানে অধিনায়ক জ্যোতিকেও হারায় বাংলাদেশ। এদিন তার ব্যাটে এসেছে মোটে ১০ রান।
এরপর দলের হাল ধরেন স্বর্ণা আক্তার এবং রিতু মনি। দুই ব্যাটারের ব্যাটে বড় পুঁজির স্বপ্ন দেখতে থাকে টাইগ্রেসরা। স্বর্ণা-রিতুর জুটি ভাঙে ৩৮ রানে। রিতু ১৯ রান করে ফিরে যান। তবে ইনিংসের শেষ বল পর্যন্ত ব্যক্তিগত ২৭ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন স্বর্ণা।
নির্ধারিত ওভার শেষে ৬ উইকেট হারানো বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ১২০ রান। পাকিস্তানের হয়ে দিয়ানা বেগ নেন ২টি উইকেট, এছাড়া ১টি করে উইকেট নেন সাদিয়া ইকবাল, উম্মে হানি এবং নাসরা সান্ধু।
জবাবে রান তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি পাকিস্তানের। দলীয় ৩ রানেই বিদায় নেন নাটালিয়া পারভেজ। ২৮ রানে সিদরা আমিন, ৪০ রানে মুনিবা আলী ও ৫৯ রানে অধিনায়ক নিদা দার বিদায় নিলে হারের শঙ্কায় পড়ে পাকিস্তান।
পাকিস্তানের কোনো ব্যাটারই টাইগ্রেস বোলারদের সামনে দাঁড়াতে পারেনি। এতে করে শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১০০ রানে থামে পাকিস্তানের মেয়েদের ইনিংস। ফলে বাংলাদেশ জয় পায় ২০ রানে।
এতে করে তিন ম্যাচ টি-২০ সিরিজটি এক ম্যাচ হাতে রেখেই নিশ্চিত করে বাংলাদেশ। প্রথম ম্যাচে সফরকারীদের বিপক্ষে ৫ উইকেটের জয় পেয়েছিল নিগার সুলতানা জ্যোতির দল। আগামী রোববার (২৯ অক্টোবর) একই মাঠে অনুষ্ঠিত হবে দু’দলের তৃতীয় ও শেষ টি-২০।