ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

অবসরের প্রশ্নে যা বললেন মিচেল স্টার্ক

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২০:৩৮, ১৩ নভেম্বর ২০২৩
অবসরের প্রশ্নে যা বললেন মিচেল স্টার্ক
ছবি- সংগৃহীত

চলমান ওয়ানডে বিশ্বকাপে অম্ল-মধুর সময় কাটাচ্ছেন মিচেল স্টার্ক। এখন পর্যন্ত ৮ ম্যাচে ৬.৫৫ ইকোনোমিতে ৪৩৯ রান খরচ করেছেন। বিপরীতে দশ উইকেট শিকার করেছেন তিনি। বিশ্বমঞ্চে স্টার্কের এমন পারফরম্যান্স অবশ্য বেশ সাদামাটাই।

ক্যারিয়ারের লম্বা সময় বল হাতে জাতীয় দলকে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়েছেন স্টার্ক। কিন্তু সেই সঙ্গে বয়সের পাল্লাটাও ভারি হয়েছে। অজি পেসারের বয়স এখন ৩৪ ছুঁই ছুঁই। স্বাভাবিকভাবেই অবসর নেয়ার সময় এগিয়ে এসেছে তার। 

আন্তর্জাতিক ক্যারিয়ার আরো সামনে নিতে হলে ফরম্যাট ও ম্যাচ বেছে বেছে খেলতে হবে স্টার্কের। এজন্য টেস্ট ক্রিকেট ছেড়ে দিলেও অবাক হওয়ার কিছু থাকবে না। তিনি সবশেষ আন্তর্জাতিক টেস্ট খেলেছেন পাঁচ মাস আগে। 

Advertisement

মিচেশ স্টার্ক সবশেষ আন্তর্জাতিক টি-২০ খেলেছেন এক বছরেরও বেশি সময় আগে। তবে কি বিশ্বকাপের পরে টেস্ট ছেড়ে দেবেন। নাকি ওয়ানডে ও টি-২০ কে বিদায় বলবেন? নাকি তিন ফরম্যাট থেকে সরে দাঁড়াবেন?

এই প্রশ্নে  স্টার্ক বলেন, ‘বিশ্বকাপের পরও আমি খেলা চালিয়ে যাবো। তবে পরবর্তী বিশ্বকাপ খেলতে পারবো না, এটা আমি নিশ্চিত। চার বছর অনেক সময়। আমি সবসময় বলেছি, তিন ফরম্যাটের মধ্যে টেস্ট আমার কাছে আগে। আমি টেস্টের আগে অন্য দুই ফরম্যাট ছেড়ে দেব।’ 

অস্ট্রেলিয়া বিশ্বকাপ শুরু করেছিল পরপর দুই ম্যাচ হেরে। সেখান থেকে দারুণ কামব্যাকে তিনে থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে তারা। ১৬ নভেম্বর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফাইনালে যাওয়ার লড়াইয়ে মুখোমুখি হবে অজিরা। 

ওই ম্যাচ নিয়ে স্টার্ক বলেন, ‘আমার কাছে, সেমিফাইনাল ম্যাচটি অস্ট্রেলিয়ার হয়ে আরো একটি ম্যাচের মতো। ওটা দিয়েই আমার ওয়ানডে ক্রিকেট ক্যারিয়ার সমাপ্ত হবে এমন কোন ম্যাচ নয়।’

স্টার্ক ২০১৫ ও ২০১৯ বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক। কিন্তু এবার তিনি সেরা ছন্দে নেই।  ৮ ম্যাচে নিয়েছেন ১০ উইকেট। তিনি বলেন, ‘যেভাবে বিশ্বকাপে পারফর্ম করতে চেয়েছিলাম, এখনো ওই পর্যায়ের কিছু করতে পারিনি। গত দুই বিশ্বকাপের মতো তো নয়ই। তবে এখন দলের জন্য ইতিবাচক প্রভাব রাখে এমন পারফর্ম করে শেষ করার ভালো সুযোগ এসেছে।’

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!