ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

মুশফিকের ‘অদ্ভুত’ আউট নিয়ে মুখ খুললেন আশরাফুল

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৩০, ১০ ডিসেম্বর ২০২৩
মুশফিকের ‘অদ্ভুত’ আউট নিয়ে মুখ খুললেন আশরাফুল
মুশফিকুর রহিম

ঢাকা টেস্টে লড়াই জমিয়েও নিউজিল্যান্ডের কাছে ম্যাচ হেরেছে স্বাগতিক বাংলাদেশ। তবে হোম অব ক্রিকেটে গড়ানো টেস্টের প্রথম দিনেই ‘অদ্ভুত’ এক আউটের শিকার হয়েছিলেন মুশফিকুর রহিম। ক্রিকেটীয় ভাষায় যে আউটকে বলা হয় ‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ড’।

টাইগারদের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিমের এমন আউটের পর তুমুল আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। গণমাধ্যম থেকে সামাজিক মাধ্যম সবখানেই মুশির আউটটি নিয়ে চর্চা চলছে। এবার মুশফিকের আউট নিয়ে গণমাধ্যমের কাছে মুখ খুলেছেন টাইগারদের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।

আশরাফুল বলেন, ‘এটা (অবস্ট্রাকটিং দ্য ফিল্ড) হয়ে গেছে আরকি। খেলার পরে এটা একটা স্টাইল করে পা সরানোর (হাত ছাড়া) মতো। এটা করে সে কনফিডেন্ট পায়। আমার কাছে মনে হয় এটা হুট করেই হয়ে গেছে।’

Advertisement

ঢাকা টেস্টের প্রথম দিনে মুশফিক যখন আউট হন, তখন ধারাভাষ্য কক্ষে উপস্থিত ছিলেন তামিম ইকবাল। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তামিম বলেন, ‘মুশফিকের এমন আউট খুবই হতাশাজনক। ৮০টিরও বেশি টেস্ট খেলেছে মুশফিক। তার জানা উচিত ছিল এটা করা যায় না। এ ধরনের আউটে এটা কোনো অজুহাত হতে পারে না।’

কিউই পেসার কাইল জেমিসনের করা সেই ওভারের চতুর্থ বলটি ব্যাকফুটে খেলেছিলেন মুশফিক। বল ব্যাটে লেগে মাটিতে পড়ে বাউন্স খেয়েছিল। ডান হাত দিয়ে মুশফিক ইচ্ছাকৃতভাবে বলটি ধরেন। নিউজিল্যান্ডের খেলোয়াড়েরা আউটের আবেদন করলে তৃতীয় আম্পায়ার ভিডিও রিপ্লে দেখে মুশফিককে আউট ঘোষণা করেন।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!