বাইশ গজে হতাশার পারফরম্যান্সের মাঝেই বড় ধাক্কা খেয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট। দেশটির দুই ক্রিকেটার অ্যান্টি ডোপিং টেস্টে পজিটিভ হওয়ায় নিষেধাজ্ঞার মুখে পড়েছেন। যদিও এখনও সেই নিষিদ্ধের মেয়াদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। খবর ইএসপিএন ক্রিকইনফোর।
নিষেধাজ্ঞা পাওয়া দুই ক্রিকেটার হচ্ছেন অলরাউন্ডার ওয়েসলি মাধভেয়ার ও ব্র্যান্ডন মাভুতা। তাদের বিরুদ্ধে অ্যান্টি ডোপিং নিয়ম ভাঙার অভিযোগ ওঠেছিল। এর পরপরই তাদের অভ্যন্তরীণ পরীক্ষা করা হয়। সেখানে ফলাফল পজিটিভ আসার পরই তাদের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
.png)
ইএসপিএন ক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়েছে, ‘ডোপিং কাণ্ডে ঐ দুজনকে সব ধরনের ক্রিকেটীয় কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ করা হয়েছে। যদিও এখনও তাদের শুনানি বাকি আছে, আনুষ্ঠানিকভাবে তাদের বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড (জেডসি)।
জানা গেছে, জেডসির শৃঙ্খলা কমিটির সঙ্গে ঐ ক্রিকেটারদের সভা হবে, সেখানে তাদের নিষেধাজ্ঞার মেয়াদের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
প্রসঙ্গত, ২০১৮ সালে জিম্বাবুয়ের জার্সিতে অভিষেক হয় ব্রান্ডন মাভুতার। এরপর থেকে দলটির হয়ে চার টেস্ট, ১২ ওয়ানডে ও ১০টি সীমিত ওভারের ক্রিকেট খেলেছেন তিনি। অন্যদিকে, মাধভেয়ার ২০২০ সাল থেকে নিষেধাজ্ঞার আগমুহূর্ত পর্যন্ত দুটি টেস্ট, ৩৬টি ওয়ানডে এবং ৬০টি টি-২০ ম্যাচ খেলেছেন।