ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বিশ্বকাপের চোট এখনো সেরে উঠতে পারেননি হার্দিক। যে কারণে আফগানিস্তানের বিপক্ষে টি-২০ সিরিজে খেলতে পারবেন না তিনি। সেইসঙ্গে আইপিএলের আগামী আসরে খেলতে পারবেন না তিনি, এমন আভাসও দিয়েছে গণমাধ্যমটি।
হার্দিকের চোটের অবস্থা বর্তমানে কেমন, সেটি নিয়ে কিছু তথ্য জানিয়েছেন ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার (বিসিসিআই) সেক্রেটারি জয় শাহ।
.png)
তিনি বলেন, ‘প্রতিদিন আমরা হার্দিকের চোটের দিকে নজর রাখছি। সে এখন ব্যাঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে আছে। চোট সারিয়ে সুস্থ হওয়ার জন্য হার্দিক খুব পরিশ্রম করছে। যে মুহূর্তে হার্দিক খেলার জন্য তৈরি হয়ে যাবে বোর্ড সে কথা জানিয়ে দেবে।’
বোর্ডের আরেক কর্মকর্তা বলেন, ‘হার্দিক সম্পূর্ণ সুস্থ। সে রোজ পরিশ্রম করছে। আইপিএলে হার্দিক খেলতে পারবে না বলে যে খবর শোনা যাচ্ছে তা গুজব। আইপিএল হতে এখনও প্রায় চার মাস বাকি। তাই এখন কিছু নিশ্চিত করে বলা যাচ্ছে না।’
আগামী আইপিএলে পুরোনো দল মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে মাঠ মাতাবেন হার্দিক পান্ডিয়া। বিশ্বকাপ মিশন শেষ করেই গুজরাট টাইটান্স ছেড়ে নিজের সাবেক ফ্র্যাঞ্চাইজি মুম্বাইয়ে যোগ দেন তিনি।
শুধু যে দল পরিবর্তন করেই গণমাধ্যমের হেডলাইন হয়েছেন হার্দিক, বিষয়টি এমন নয়। রোহিত শর্মাকে সরিয়ে মুম্বাইয়ের অধিনায়ক হয়েও সবাইকে চমকে দিয়েছেন এই ভারতীয় অলরাউন্ডার।