এই বছর ইউরোপের সঙ্গে সম্পর্ক চুকিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি দিয়েছেন লিওনেল মেসি। সেই একই পথে হাঁটেন নেইমার জুনিয়রও। তার গন্তব্য সৌদি প্রো লিগের ক্লাব আল হিলাল। এমন আরো অনেক ঘটনারই সাক্ষী হয়েছেন ফুটবলপ্রেমীরা। তবে প্রসঙ্গ যখন বিদায়ী বছরের সর্বোচ্চ গোলদাতার তখন তো একটু নজর বোলানো-ই যায়।
গত বছরের শেষটা মোটেও সুখকর ছিলনা ক্রিস্টিয়ান রোনালদোর জন্য। দু চোখের জলে কাতার বিশ্বকাপ থেকে বিদায় নেয় তার দল পতুর্গাল। এরপর ইউরোপ ছেড়ে সৌদিতে পাড়ি জমান এ পতুর্গিজ তারকা।
.png)
তখন ফুটবল বোদ্ধারা ধরেই নিয়েছিলেন রোনালদোর রাজত্ব বোধ হয় শেষই হয়ে গেল। কিন্তু না, মানুষটা তো রোনালদো, তাই সবার ভবিষ্যদ্বাণীকে মিথ্যা প্রমাণ করে দিয়ে নিজেকে আবিষ্কার করলেন নতুন ভাবে।
বিদায়ের অপেক্ষায় থাকা ২০২৩ সালের সর্বোচ্চ গোলদাতা রোনালদো। এই বছরে তার আশেপাশেও নেই চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি। ৫৩ গোল করে শীর্ষস্থান দখল করা রোনালদো পেছনে ফেলেছেন হ্যারি কেইন, কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হালান্ডের মতো তারকাদের।
ফরাসি তারকা এমবাপ্পে ও ইংলিশ তারকা কেইনের ৫২ গোল নিয়ে বছর শেষ করেছে। আর হালান্ড করেছেন ৫০ গোল। আজ রাতে শেফিল্ড ইউনাইটেডের বিপক্ষে ম্যাচে ম্যানচেস্টার সিটির স্কোয়াডে নেই হালান্ড। নরওয়ের তারকা ছিটকে যাওয়ার কারণে নিশ্চিত হয়েছে রোনালদোর শীর্ষে থাকা। শেফিল্ডের বিপক্ষে হালান্ডের না থাকার বিষয়টি নিশ্চিত করেছেন সিটি কোচ পেপ গার্দিওলা।
হালান্ড না থাকায় এ বছর তার গোলসংখ্যা আর না বাড়ার বিষয়টি নিশ্চিত। তবে রোনালদো চাইলে ক্লাব ও জাতীয় দলের হয়ে এ বছর নিজের গোলসংখ্যা আরো বাড়িয়ে নিতে পারেন। আজ রাতে সৌদি প্রো লিগে আল তাউনের বিপক্ষে মাঠে নামবে আল নাসর। এ ম্যাচে গোল করলে নিজেকে আরো ওপরে ওঠাবেন ‘সিআর সেভেন’।
এদিকে আর্জেন্টিনার বিশ্বকাপ অধিনায়ক মেসি চলতি বছর মাত্র ২৮টি গোল করেছেন। এছাড়া ব্রাজিলিয়ান তারকা নেইমারের গোল সংখ্যা মাত্র আট। ইনজুরির কারণে দীর্ঘদিন ধরে মাঠের বাইরে আছেন তিনি।
বছর শেষে গোলদাতার তালিকায় শীর্ষে থাকা অবশ্য রোনালদোর জন্য নতুন কিছু নয়। ২০১১ থেকে ২০২৩ সাল পর্যন্ত সব মিলিয়ে পাঁচবার এ তালিকায় সবার ওপরে ছিলেন রোনালদো। অন্যদের মধ্যে এ সময়ে লিওনেল মেসি ও রবার্ট লেভানদোভস্কি দুইবার করে সর্বোচ্চ গোলদাতা হয়ে বছর শেষ করেছেন।
২০২৩ সাল: এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ ১০ গোল দাতা
| খেলোয়াড় | ক্লাব | ম্যাচ | গোল |
| ক্রিস্টিয়ানো রোনালদো | রিয়াল মাদ্রিদ | ৫৮ | ৫৩ |
| কিলিয়ান এমবাপ্পে | পিএসজি | ৫৩ | ৫২ |
| হ্যারি কেইন | বায়ার্ন মিউনিখ | ৫৭ | ৫২ |
| আর্লিং হালান্ড | ম্যানচেস্টার সিটি | ৬০ | ৫০ |
| গার্ভেন কাঘলেন | কাশ্মির টেকনিক্যাল | ২৭ | ৪১ |
| ডেনিস বোয়াঙ্গা | লস এঞ্জেলেস এফসি | ৫৩ | ৪০ |
| জার্মান ক্যানো | ফ্লুমিনেন্স | ৬১ | ৪০ |
| রোমেলু লুকাকু | রোমা | ৬১ | ৪০ |
| বার্নাবাস ভার্গ | ফেরেনকভারোস | ৪৫ | ৩৯ |
| সান্তিয়াগো গিমেনেজ | ফেইনোর্ড | ৬৩ | ৩৯ |