ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে জকোভিচ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:২৯, ২১ জানুয়ারি ২০২৪
অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে জকোভিচ
নোভাক জকোভিচ

অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে নোভাক জকোভিচ। পুরুষ সিঙ্গেলসের শীর্ষ বাছাই সহজেই টপকালেন চতুর্থ রাউন্ডের বাধা। রোববার ৬-০, ৬-০, ৬-৩ ব্যবধানে ২০তম বাছাই আদ্রিয়ান মান্নারিনোকে উড়িয়ে দিয়েছেন তিনি।

বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম যত এগোচ্ছে, ততই অপ্রতিরোধ্য দেখাচ্ছে ২৪টি মেজরের মালিককে। প্রথম দুই রাউন্ডে একটি করে সেট খুইয়েছিলেন জোকার। তৃতীয় রাউন্ডেও বেশ লড়াই করতে হয়েছিল সার্ব তারকাকে।

চতুর্থ রাউন্ডে আর সেসব হল না। সহজে ম্যাচ জিতে শেষ আটে পৌঁছে গেলেন তিনি। জকোভিচের বিরুদ্ধে কোনো প্রতিরোধই গড়ে তুলতে পারেননি ফরাসি টেনিস খেলোয়াড়। জকোভিচের শক্তিশালী সার্ভিসের কোনো জবাব দিতে পারেননি তিনি।

Advertisement

ম্যাচে ১৭টি ‘এস’ সার্ভিস করেছেন জোকার। জবাবে মান্নারিনোর র‌্যাকেট থেকে বেরিয়েছে মাত্র একটি। ১১টির মধ্যে সাতটি ব্রেক পয়েন্ট কাজে লাগিয়েছেন জোকার। তার প্রতিপক্ষ তিনটি ব্রেক পয়েন্ট পেয়েও কিছু করতে পারেননি।

প্রথম সার্ভিসের ক্ষেত্রেও অনেক এগিয়ে ছিলেন জকোভিচ। ম্যাচের প্রথম ১৩টি গেম টানা জিতে কোয়ার্টার ফাইনালে ওঠা কার্যত নিশ্চিত করে ফেলেন জকোভিচ। প্রতিপক্ষের দ্বিগুণের বেশি পয়েন্ট জিতেছেন গত বারের চ্যাম্পিয়ন।

এ থেকেই বোঝা সহজ কতটা দাপুটে টেনিস খেলে অস্ট্রেলিয়ান ওপেনের শেষ আটে জায়গা করে নিয়েছেন বিশ্বের এক নম্বর টেনিস খেলোয়াড়। অন্য দিকে এগোচ্ছেন কার্লোস আলকারাজও। টেনিসপ্রেমীরা আরেকটা জকোভিচ-আলকারাজ মহারণ দেখার অপেক্ষায়।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!