ঢাকা,  রোববার   ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

নিজেদের ফাঁদেই ভারতের ভরাডুবি, ইংল্যান্ডের দারুণ শুরু

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮:৪১, ২৮ জানুয়ারি ২০২৪
নিজেদের ফাঁদেই ভারতের ভরাডুবি, ইংল্যান্ডের দারুণ শুরু
ছবি- সংগৃহীত

ইনিংস হারের শঙ্কা জেগেছিল। কিন্তু ওলি পোপের ব্যাটে ঘুরে দাঁড়িয়ে দ্বিতীয় ইনিংসে লিড নেয় ইংল্যান্ড। ফলে হায়দরাবাদে শুরু থেকেই দাপট দেখানো স্বাগতিক ভারত কিছুটা পিছিয়ে যায়। আর শেষ পর্যন্ত নিজেদের পাতা ফাঁদ স্পিন জালে ম্যাচ খোয়াল রোহিত শর্মার দল। এতে পাঁচ ম্যাচের সিরিজটিতে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ইংলিশরা।

রান তাড়ায় শুরুটা নড়বড়ে হয় ভারতের। ইংলিশদের দেওয়া ২৩১ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে উদ্বোধনী জুটিতে ৪২ রান যোগ করেন রোহিত শর্মা ও জসওয়াল। কিন্তু ভয়ংকর হয়ে ওঠার আগেই তাদের দুজনকে সাজঘরের পথ দেন টম হার্টলি। এরপর তিনে নামা ব্যাটার শুভমান গিলকে নিজের শিকার বানান এই ইংলিশ স্পিনার।

৬৩ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে বসে ভারত। এরপর অক্ষর প্যাটেল ও কেএল রাহুলের ব্যাটে এগোতে থাকে স্বাগতিকরা। দলীয় ৯৫ রানে চা বিরতিতে যায় রোহিত শর্মার দল। 

বিরতির পর খেলা শুরু হলে প্রথম ওভারেই আউট অক্ষর প্যাটেল। বোলার সেই হার্টলি। ১৭ রান করে তাকে ফিরতি ক্যাচ দিয়েছেন অক্ষর। এই ধাক্কা সামলে ওঠার আগে জো রুটের আঘাত। ২২ রান করা রাহুলকে লেগ বিফরের ফাঁদে ফেলে সাজঘরে ফেরান রুট। 

ভারতের দুর্দশা আরো বেড়েছে রবীন্দ্র জাদেজার রান আউটে। বেন স্টোকসের সরাসরি থ্রোতে মাত্র ২ রান করে সাজঘরে ফিরতে হয়েছে এই অলরাউন্ডারকে। ১১৯ রানে ষষ্ঠ উইকেট হারিয়ে খাদের কিনারে চলে যায় ভারত। স্কোরবোর্ডে আর কোনো রান যোগ হওয়ার আগে শ্রেয়স আইয়ারকে তুলে নেন জ্যাক লিচ। 

তখনও লক্ষ্য থেকে ১১২ রান দূরে ছিল স্বাগতিকরা। কিন্তু শেষ বিকেলে শ্রিকর ভারত এবং রবীচন্দ্রন অশ্বিনের প্রতিরোধে কিছুটা আশার আলোও দেখতে পাচ্ছিল স্বাগতিকরা। কিন্তু ভরতকে বোল্ড করে এই প্রতিরোধের দেয়ালও ভাঙেন হার্টলি। ১ রান পর হার্টলি শিকার বানান অশ্বিনকেও। 
শেষ দুই ব্যাটার হিসেবে মোহাম্মদ সিরাজ ও বুমরাহ প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও সিরাজকে স্ট্যাম্পিংয়ে আউট করে ইংলিশদের জয় নিশ্চিত করেন হার্টলি। 

এর আগে ৬ উইকেটে ৩১৬ রান নিয়ে আজ খেলতে নেমে অলি পোপের দুর্দান্ত ইনিংসটিতে ভর করে দ্বিতীয় ইনিংসে ৪২০ রানে অল আউট হয় ইংল্যান্ড। ১৪৮ রানে আগের দিন অপরাজিত থাকা পোপ শেষের দিকের ব্যাটার দিকে এগিয়ে নিচ্ছিলেন ইংল্যান্ডকে। ভারতীয় বোলারদের হতাশায় ডুবিয়ে ৭, ৮ এবং ৯ নম্বর ব্যাটারদের নিয়ে তিনি যোগ করেন ২৫৬ রান। 

শেষ পর্যন্ত জাসপ্রিত বুমরাহকে রিভার্স স্কুপে চার মেরে ডাবল সেঞ্চুরি পূরণ করতে গিয়ে বোল্ড হয়েছেন পোপ। শেষ ব্যাটার হিসেবে আউটের আগে ২৭৮ বলে ২১টি চারে দুর্দান্ত একটি ইনিংস খেলে সফরকারীদের সম্মানজনক একটা লিড এনে দেন পোপ। আগের দিন ১১০ রানে জীবন পেয়েছিলেন তিনি। ওই ক্যাচ মিসের ভালোই খেসারত দিল ভারত। 

ভারতের হয়ে জাসপ্রিত বুমরাহ ৪ এবং রবীচন্দ্রন অশ্বিন নিয়েছেন ৩ উইকেট।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!