দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা, খেলা কোথায় ও কখন?
গত বছরটা ফুটবলের মাঠে দুর্দান্ত কেটেছে আর্জেন্টিনার। সেই স্মৃতি আঁকড়ে ধরে নতুন বছরে যাত্রা করেছে আলবিসেলেস্তেরা। উত্তরসূরীরা নামলেও এখনো মাঠের ফুটবলে লাথি দেওয়া হয়নি মেসি-ডি মারিয়াদের। তবে শিগগিরই জাতীয় দলের জার্সিতে দেখা যাবে তাদের।
২০২৪ সালে কোপা আমেরিকার ম্যাচসহ বেশকিছু বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে মাঠে নামবে তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তার আগে অবশ্য মার্চে দুটি প্রীতি ফুটবল ম্যাচ খেলবে আলবিসেলেস্তেরা।
সোমবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। যেখানে তাদের প্রতিপক্ষ নাইজেরিয়া ও আইভরিকোস্ট।
.png)
প্রীতি ম্যাচ দুটির এখনো তারিখ নির্ধারণ না হলেও ম্যাচ দুটি আয়োজনের সম্ভাব্য তারিখ ধরা হয়েছে মার্চের ১৮ থেকে ২৬। দুটি ম্যাচই হবে চীন সফরে। প্রথমে চীনের হ্যাংজু শহরের অলিম্পিক স্পোর্টস সেন্টার স্টেডিয়ামে নাইজেরিয়ার মুখোমুখি হবে। আর দ্বিতীয় ম্যাচটি হবে আইভরি কোস্টের বিপক্ষে বেইজিংয়ের ওয়ার্কার্স স্টেডিয়ামে।
এএফএ থেকে জানানো হয়েছে আগামী কয়েকঘণ্টা পর উভয় দেশের বোর্ডগুলোর সঙ্গে বসে ম্যাচ আয়োজনের তারিখ ঘোষণা করা হবে।
এদিকে কোপা আমেরিকায় নিজেদের প্রথম ম্যাচে ২০ জুন প্লে-অফ বিজয়ী দলের সঙ্গে মাঠে নামবে আর্জেন্টিনা। এরপর চিলির বিপক্ষে লড়বে ২৫ জুন আর গ্রুপ পর্বের শেষ ম্যাচে ২৯ জুন তাদের প্রতিপক্ষ পেরু।