ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
বাংলাদেশ প্রিমিয়ার লিগ-২০২৪

ঢাকাকে গুঁড়িয়ে সিলেটের প্রথম জয়

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৩২, ২ ফেব্রুয়ারি ২০২৪
ঢাকাকে গুঁড়িয়ে সিলেটের প্রথম জয়
ছবি- সংগৃহীত

দশম বিপিএলের হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছিল সিলেট স্ট্রাইকার্স। এবারের আসরে পাঁচ ম্যাচের সবগুলোতেই হেরেছিল তারা। অবশেষে নিজেদের ষষ্ঠ ম্যাচে এসে প্রথম জয়ের দেখা পেল দলটি। অন্যদিকে, জয় দিয়ে শুরু করেও টানা চার ম্যাচ হারলো মোসাদ্দেক হোসেনের দল।

শুক্রবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে আট উইকেটে ১৪২ রান সংগ্রহ করে সিলেট স্ট্রাইকার্স। লক্ষ্য তাড়া করতে নেমে ৯ উইকেটে ১২৭ রানে থামে ঢাকা। সিলেটের জয় ১৫ রানে।

রান তাড়ায় উড়ন্ত শুরু পায় ঢাকা। দলটির হয়ে ইনিংস উদ্বোধনে নামেন সাইম আইয়ুব ও নাঈম শেখ। ইনিংসের প্রথম ওভারেই আরিফুল হককে পিটিয়ে ১৩ রান আদায় করেন আইয়ুব। কিন্তু পরের ওভারেই তাকে লেগ বিফরের ফাঁদে ফেলেন এনগারাভা।

Advertisement

এরপর বাইশ গজে আসেন সাইফ হাসান। তাকে সঙ্গ দেওয়ার আগেই সাজঘরে ফেরেন ঢাকার ওপেনার নাঈম (২)। পরে ক্রিজে আসেন আলেক্স রস। এই অজি ব্যাটারকে নিয়ে ছোট জুটি গড়েন সাইফ। তাদের দুজনের ব্যাট থেকে আসে ৩১ রান।

তবে ভয়ংকর হয়ে ওঠার আগেই রানআউটে এ জুটি ভাঙেন নাঈম হাসান। এতে থিতু হওয়া সাইফ ফেরেন ১৭ রানে। পরের ওভারেই রসের উইকেট তুলে নেন রেজাউর রহমান। আউট হওয়ার আগে ২০ করেন তিনি। 

নিয়মিত বিরতিতে টপ অর্ডার ব্যাটারদের হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় ঢাকা। তবে শেষ মুহূর্তে তাসকিনের ২৭ রানের ঝোড়ো ইনিংসে স্রেফ হারের ব্যবধান কমিয়েছে তারা।

সিলেটের হয়ে সর্বোচ্চ চার উইকেট শিকার করেন রিচার্ড এনগারাভা।

এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ঢাকার অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত। এতে আগে ব্যাট করে সিলেট। দলটির হয়ে ইনিংস উদ্বোধনে নামেন নাজমুল হোসেন শান্ত ও শামসুর রহমান। তবে জুটি গড়ার আগেই শামসুরকে সাজঘরের পথ দেখান শরিফুল ইসলাম। ইনিংসের প্রথম ওভারেই শামসুরকে (০) বোল্ড করেন তিনি।

পরে উইকেটে আসেন সামিত প্যাটেল। উইকেটে এসেই দ্রুত গতিতে রান তোলেন তিনি। কিন্তু তাকে সঙ্গ দেওয়া শান্ত ব্যাট হাতে স্ট্রাগল করছিলেন। ফলে উইকেটে বেশিক্ষণ থাকতে পারেননি। শরিফুলের বলে বোল্ড হন এ বাঁহাতি ব্যাটার।

পরের বলেই জাকির হাসানের উইকেট ঝুলিতে পুরেন শরিফুল। চারে ব্যাট করতে আসা জাকিরকেও শূন্য রানে সাজঘরে ফেরান তিনি।

ইনিংসের শুরুতেই তিন উইকেট হারিয়ে চাপে পড়ে সিলেট। কিন্তু সামিত প্যাটেলকে সঙ্গে নিয়ে দলকে বিপদ থেকে উদ্ধার করেন সিলেট অধিনায়ক মোহাম্মদ মিথুন। এ জুটির ব্যাট থেকে আসে ৫৭ রান। দলকে এগিয়ে নেয়ার পাশাপাশি অর্ধ শতক তুলে নেন মিথুন।

ম্যাচের ১২তম ওভারে আরাফাত সানির ঘূর্ণিতে কাটা পড়েন থিতু হওয়া প্যাটেল (৩২)। এরপর উইকেটে এলেও ব্যাট হাতে ব্যর্থ হন রায়ান বার্ল (১) ও বেনি হাওয়েল (১১)। 

ব্যর্থতার ভিড়ে অবশ্য তিন ছক্কা হাঁকিয়ে সিলেটের রানের চাকা সচল রাখেন আরিফুল হক। ৯ বলে ২১ রান করেন তিনি। শেষ পর্যন্ত লড়াই চালিয়ে ৫৯ রানে প্যাভিলিয়নের পথ ধরেন মিথুন। তার উইকেট শিকার করেন তাসকিন। এতে সিলেটের ইনিংস থামে ১৪২ রান।

ঢাকার হয়ে সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেন শরিফুল ইসলাম।

 

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!