হঠাৎ করেই ম্যাচ কমিশনার দুই দলের খেলোয়াড় ডেকে টসের সিদ্ধান্ত নেন। টসে ভারত জিতলে তারা শিরোপা জয়ের আনন্দে মেতে ওঠে। বাংলাদেশ বাইলজের কথা বলে প্রতিবাদ করে। এতে স্থগিত হয় ম্যাচের ফলাফল।
বেশ কিছুক্ষণ প্রতিবাদের পর ম্যাচ কমিশনার আবার দুই দলকে ডাকেন। সেখানে ভারত আপত্তি জানায়। তারা টসে চ্যাম্পিয়ন হয়েছে, এর বাইরে কিছু মানবে না- এটা জানিয়ে মাঠ ত্যাগ করে৷ বাংলাদেশ মাঠে অপেক্ষা করছে৷ রেফারিরাও করছে।
.png)
ফুটবলের সাধারণ নিয়মে সাডেন ডেথ চলমান থাকে। ১১-১১ সমতা হওয়ার পর রেফারিকে ডাকে ম্যাচ কমিশনার। সে সাডেন ডেথ না চালিয়ে টস করে। যেটা নিয়ে মূল দ্বন্দ্ব। ফুটবলে সাধারণত টাইব্রেকার সাডেন ডেথ মীমাংসা না হওয়া পর্যন্ত চলতে থাকে। কিন্তু এ ম্যাচের শ্রীলঙ্কান কমিশনার ডি সিলভা জয়সুরিয়া দিলান শিরোপা নির্ধারণে টস করার সিদ্ধান্ত নেন।
বাফুফের মিডিয়া বিভাগ জানিয়েছে, ম্যাচের রেফারি টস করে ভুল করেছিলেন। সেই ভুলটা শুধরে তিনি টাইব্রেকারের সাডেন ডেথ নতুন করে শুরু করতে চেয়েছেন। ভারত সেই সিদ্ধান্ত না মেনে মাঠ ছেড়ে গেছে। এখন ৩০ মিনিট অপেক্ষা করতে হবে। এই সময়ের মধ্যে ভারত মাঠে না ফিরলে নতুন সিদ্ধান্ত নেওয়া হবে। সে ক্ষেত্রে বাংলাদেশকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হতে পারে।
এই প্রতিবেদন লেখার সময় বাংলাদেশ দল এখনো মাঠেই ছিল।