শুক্রবার সিলেটে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলংকা। এ ম্যাচের আগে সংবাদ সম্মেলনে হাজির হয়েছিলেন লঙ্কান দলপতি ধনঞ্জয়া ডি সিলভা। হাসারাঙ্গা ইস্যুতে প্রশ্ন উঠতেই লঙ্কান দলপতি বললেন, ‘এ বিষয়টি তো আমার নিয়ন্ত্রণে না।’
এমন জবাবে সন্দেহ-সংশয় দূর হচ্ছে না দেখেই বোধ হয় সংবাদ সম্মেলনে তার পাশে বসা শ্রীলংকা দলের ম্যানেজার মাহিন্দা হালাঙ্গোদা মাইক্রোফোন টেনে নিয়ে জানালেন, ‘যে খবরটি ছড়িয়েছে, তা মোটেও সঠিক নয়।’
.png)
ক্যারিয়ারে ৪ টেস্টে মাত্র ৪ উইকেট পাওয়া লঙ্কান অলরাউন্ডারের বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের সিরিজের কয়েক দিন আগে আচমকা অবসর ভেঙে ফেরা এবং রাতারাতি টেস্ট দলে জায়গা পেয়ে যাওয়ার ঘটনায় অন্য সন্দেহই বাজারে চাউর হয় সবচেয়ে বেশি।
বাংলাদেশ টেস্টে ফেরার ঘোষণা না দিলে আগামী জুনে অনুষ্ঠেয় টি-২০ বিশ্বকাপের প্রথম দুই ম্যাচ নিষেধাজ্ঞার কারণে খেলা হতো না হাসারাঙ্গার। সেটি এড়াতেই শ্রীলংকা ক্রিকেট (এসএলসি) তাকে ফিরিয়ে বাংলাদেশের বিপক্ষে শুক্রবার থেকে শুরু হতে যাওয়া সিরিজেই তার নিষেধাজ্ঞা পার করে নেয়ার উদ্যোগ নিয়েছে বলে বহুল জনপ্রিয় ধারণা।
এ ধারণাই আনুষ্ঠানিক রূপ পায় বৃহস্পতিবার দুপুরে সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলংকা দলের সংবাদ সম্মেলনে। তা নিয়ে প্রশ্নও হয়।
শ্রীলংকা দলের ম্যানেজার, ‘হাসারাঙ্গা আরো অনেক আগেই টেস্ট খেলার ইচ্ছে ব্যক্ত করে বোর্ডকে চিঠি দিয়ে রেখেছিল। (এই সফরে) তৃতীয় ওয়ানডের আগেই ওকে টেস্ট দলে নেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়। কাজেই আপনারা যা ভাবছেন, বিষয়টি সে রকম নয়।’