যদিও মেসিকে ছাড়া ডিসি ইউনাইটেডের বিপক্ষে জয় পেয়েছিল মায়ামি। কিন্তু নিউইয়র্কের বিপক্ষে প্রতিরোধই গড়তে পারেনি তারা। উল্টো একহালি গোল হজম করেছে টাটা মার্তিনোর শিষ্যরা।
নিউ ইয়র্ক রেড বুলসের মাঠ থেকে ৪-০ গোলের বড় হার নিয়ে ফিরতে হয়েছে মেসিহীন মায়ামিকে। রেড বুলসের হয়ে হ্যাটট্রিক করেছেন লুইস মরগান। ইন্টার মায়ামি জার্সিতে দুই মৌসুম কাটিয়ে তিনি নাম লেখান রেড বুলসে।
.png)
মেজর লিগ সকারে এ নিয়ে দ্বিতীয়বার ম্যাচে তিন গোল করলেন মরগান। আগের হ্যাটট্রিকটি করেছিলেন ২০২২ সালের মার্চে। এমএলএসের চলতি মৌসুমে এটা তৃতীয় হ্যাটট্রিক আর সব মিলিয়ে ১৯তম।
রেড বুলসের হয়ে একাধিক হ্যাটট্রিক করা চতুর্থ খেলোয়াড় মরগান। চোটের জন্য গত মৌসুমের শেষ সময়টা মাঠের বাইরে কাটাতে হয়েছিল তাঁকে।
ঘরের মাঠে শুরুটা স্বপ্নীল হয়েছিল নিউ ইয়র্ক রেড বুলসের। ম্যাচের তৃতীয় মিনিটেই স্বাগতিকদের এগিয়ে দেন মরগান। এরপর দ্বিতীয়ার্ধে আরো দুইবার প্রতিপক্ষের জালে বল পাঠিয়ে হ্যাটট্রিক পূরণ করেন মরগান।
ম্যাচের ৫১তম মিনিটে নিজের দ্বিতীয় আর ৭০তম মিনিটে মরগান করেন তৃতীয় গোল। এর মাঝে ৬৬তম মিনিটে স্বাগতিকদের হয়ে বল জালে জড়ান উইকেলম্যান কারমোনা।
গোল না পেলেও রেড বুলসের চারটি গোলেই অবদান আছে ডানটে ভ্যানজেইরের। চারটি গোলই তো হয়েছে তার অ্যাসিস্টে। ম্যাচটিতে রীতিমতো খেই হারিয়ে ৪-০ ব্যবধানে পরাজয়ে স্বাদ পেয়েছে মায়ামি।