ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

রোমাঞ্চ ছড়িয়ে জিততে পারল না বায়ার্ন-আর্সেনালও

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:৫৬, ১০ এপ্রিল ২০২৪
রোমাঞ্চ ছড়িয়ে জিততে পারল না বায়ার্ন-আর্সেনালও
ছবি- সংগৃহীত

সান্তিয়াগো বার্নাব্যুতে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ড্র করেছে রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি। দিনের অন্য ম্যাচে একই ভাগ্য বরণ করতে হয়েছে আর্সেনাল ও বায়ার্ন মিউনিখকে। রিয়াল-সিটির মতোই অবিচ্ছিন্ন থেকে ম্যাচ শেষ করতে হয়েছে তাদেরকেও।

মঙ্গলবার এমিরেটস স্টেডিয়ামে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে মুখোমুখি হয় আর্সেনাল-বায়ার্ন। ম্যাচটি শেষ হয়েছে ২-২ গোলের সমতায়।

এদিন স্বাগতিক আর্সেনালের হয়ে গোল করেছেন বুকায়ো সাকা এবং লিয়ান্দ্রো ত্রসার্ড। অন্যদিকে বায়ার্নের জার্সিতে গোল পেয়েছেন হ্যারি কেইন ও সার্জ গ্যানাব্রি।

Advertisement

দীর্ঘ ১৪ বছরে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে ওঠেছে আর্সেনাল। ঘরের মাঠে ম্যাচের ১২তম মিনিটেই এগিয়ে যায় গানাররা। বেন হোয়াইটের পাস থেকে ডেডলক ভাঙেন বুকায়ো সাকা। তবে লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি আর্তেতার শিষ্যরা।

ম্যাচের ১৮তম সার্জ গ্যানাব্রির গোলে সমতায় ফেরে বায়ার্ন। আর বিরতির আগেই এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগটা লুফে নেয় সফরকারীরা। সেটি আর কেউ নয়, বরং হ্যারি কেইনের মাধ্যমেই। ৩২তম মিনিটে পেনাল্টি থেকে দলকে এগিয়ে দেন এই ইংলিশ ফরোয়ার্ড। এমিরেটস স্টেডিয়ামে আর্সেনালের বিপক্ষে এটি তার নবম গোল।  

বিরতি থেকে ফিরে অবশ্য নিজেদের চেনা রূপে ছিল না আর্সেনাল। তবে বদলি হিসেবে নামার পর ম্যাচের মোড় ঘুরিয়ে দেন লিয়ান্দ্রো ত্রসার্ড। গ্যাব্রিয়েল জেসুসের পাস থেকে কোনাকুনি শটে গানারদের সমতায় ফেরান তিনি। 

এই ড্রয়ে কিছুটা হতাশই হবে আর্সেনাল। কেননা ম্যাচের একদম শেষ সময়ে পেনাল্টির আবেদন জানান সাকা। বায়ার্ন গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার তাকে ফাউল করেছে বলে দাবি করছিলেন তিনি। কিন্তু তার আবেদনে সাড়া দেননি রেফারি। তাই ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয় স্বাগতিকদের।

আগামী ১৭ এপ্রিল ঘরের মাঠ অ্যালিয়েঞ্জ অ্যারেনায় কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে আর্সেনালকে আতিথ্য দেবে বায়ার্ন।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!