রিজওয়ান টি-২০ ক্রিকেটের ব্র্যাডম্যান: আফ্রিদি
সতীর্থ মোহাম্মদ রিজওয়ানকে টি-২০ ক্রিকেটের ডন ব্র্যাডম্যান বলে অভিহিত করেছেন পাকিস্তানের পেসার শাহিন শাহ আফ্রিদি।
নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান পাঁচ ম্যাচ টি-২০ সিরিজের দ্বিতীয় ম্যাচে সংক্ষিপ্ত সংস্করণে দ্রুত ৩ হাজার রানের বিশ্বরেকর্ড গড়েন রিজওয়ান। তার এমন অর্জনের প্রশংসা করতে গিয়ে আফ্রিদি জানান, টি-২০র ব্র্যাডম্যান ও পাকিস্তানের সুপারম্যান রিজওয়ান।
নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-২০তে ৩৪ বলে ৪টি চার ও ১টি ছক্কায় অনবদ্য ৪৫ রান করেন রিজওয়ান। এই ইনিংস খেলার পথে টি-২০তে অষ্টম ও পাকিস্তানের দ্বিতীয় ব্যাটার হিসেবে ৩ হাজার রান পূর্ণ করেন তিনি।
সেই সঙ্গে আন্তর্জাতিক টি-২০তে ক্যারিয়ারের ৭৯তম ইনিংসে দ্রুততম ৩ হাজার রানের রেকর্ডের জন্ম দেন রিজওয়ান। এতে ভেঙ্গে যায় ভারতের বিরাট কোহলি ও নিজ দলের অধিনায়ক বাবর আজমের রেকর্ড। কোহলি ও বাবর ৮১ ইনিংসে ৩ হাজার রান করেছিলেন।
এমন রেকর্ডের পর রিজওয়ানকে প্রশংসায় ভাসিয়েছেন আফ্রিদি। তার মতে, টি-২০কে প্রভাবিত করেছে রিজওয়ান। অনেক ক্রিকেটারেরই অনুপ্রেরণা তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে রিজওয়ান সম্পর্কে লিখেছেন আফ্রিদি।
সেখানে আফ্রিদি লেখেন, ‘৩ হাজার রানের জন্য টি-২০ ক্রিকেটের ব্র্যাডম্যান এবং পাকিস্তানের সুপারম্যান মোহাম্মদ রিজওয়ানকে শুভেচ্ছা। আপনার প্রভাব এই খেলাকে পরিবর্তন করেছে। উড়তে থাকো চ্যাম্পিয়ন। আপনি অনেকের জন্যই অনুপ্রেরণা।’
২০১৫ সালে বাংলাদেশ সফরে টি-২০তে অভিষেক হয় রিজওয়ানের। ক্যারিয়ারের প্রথমদিকে নিজেকে মেলে ধরতে পারেননি তিনি। প্রথম হাফ-সেঞ্চুরির জন্য ১৮ ইনিংস অপেক্ষা করতে হয় তাকে।
৯৩টি টি-২০তে ১২৭ স্ট্রাইক রেট ও প্রায় ৫০ গড়ে ১টি সেঞ্চুরি ও ২৬টি হাফ-সেঞ্চুরিতে ৩০৪৮ রান করেছেন ৩১ বছর বয়সী রিজওয়ান। ৩০ টেস্টে ১৬১৬ রান ও ৭৪ ওয়ানডেতে ২০৮৮ রান করেছেন তিনি।