ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
আইসিসি টি-২০ বিশ্বকাপ - ২০২৪

অভিজ্ঞতাই হবে অস্ট্রেলিয়ার চালিকা শক্তি

আশরাফুল ইসলাম আকাশ
প্রকাশিত: ১৫:২৩, ২৪ মে ২০২৪
অভিজ্ঞতাই হবে অস্ট্রেলিয়ার চালিকা শক্তি
কোলাজ- ডেইলি বাংলাদেশ

ক’দিন পরেই মাঠে গড়াবে আইসিসি টি-২০ বিশ্বকাপের নবম আসর। এবারের আসরের আয়োজক যৌথভাবে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র। দুই দেশের ৯ ভেন্যুতে আগামী ২ জুন থেকে শুরু হবে কুড়ি ওভারের বিশ্বযজ্ঞ।

আসন্ন বিশ্বকাপে অংশ নেবে ২০ দল। যেখানে গত আসরের সেরা আট দল বিশ্বকাপ নিশ্চিত করেছিল আগেই। এর সঙ্গে অটোমেটিক চয়েজে বিশ্বকাপের টিকিট পায় সেরা র‌্যাংকিংয়ে অবস্থান করা দুদল এবং আয়োজকরা। বাকি ৮ দলকে বিশ্বকাপের টিকিট পেতে আঞ্চলিক পর্যায়ে লড়াই করতে হয়েছে। সেই ধারাবাহিকতায় আফ্রিকা, ইউরোপ, এশিয়া থেকে দুটি করে দল সুযোগ পেয়েছে। সেইসঙ্গে আমেরিকা এবং ইস্ট-এশিয়া প্যাসিফিক অঞ্চল থেকে একটি করে দল বিশ্বকাপে খেলবে।

আগামী ২৯ জুন ফাইনালের মধ্যে দিয়ে ৩০ দিনব্যাপী ৫৫ ম্যাচের এই টুর্নামেন্টের সমাপ্তি ঘটবে।

Advertisement

এবারের টি-২০ বিশ্বকাপ মাঠে গড়াবে গ্রুপ পদ্ধতিতে। চার গ্রুপ থেকে দুটি করে সেরা দল জায়গা করে নিবে সুপার এইটে। এই স্টেজেও দুটি গ্রুপ থাকবে। প্রতিটি গ্রুপ থেকে পয়েন্ট টেবিলের শীর্ষ ২ দল সেমিফাইনালে খেলার সুযোগ পাবে। 

বৈশ্বিক আসরকে সামনে রেখে এরই মধ্যে স্কোয়াড ঘোষণা করেছে ১৯টি দল। বাকি রয়েছে পাকিস্তান ক্রিকেট দল। জানা গেছে, শিগগিরই তারাও স্কোয়াড ঘোষণা করবে। কুড়ি ওভারের এই টুর্নামেন্টে কোন দলের স্কোয়াডে কারা আছেন, তাদের শক্তিমত্তা কেমন সেসব নিয়েই ডেইলি বাংলাদেশের পাঠকদের জন্য এ আয়োজন।

উইন্ডিজ-যুক্তরাষ্ট্র বিশ্বকাপে অংশ নেয়া দলগুলোর স্কোয়াড নিয়ে ২০ পর্বের সিরিজ সাজানো হয়েছে। যার পঞ্চম পর্বে থাকছে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ স্কোয়াড ও দলটির বিভিন্ন তথ্য।

অস্ট্রেলিয়া দল। ছবি- সংগৃহীতযেদিন বিশ্বকাপ মিশন শুরু করবে অস্ট্রেলিয়া

আগামী ২ জুন থেকে মাঠে গড়াবে টি-২০ বিশ্বকাপের নবম আসর। এই টুর্নামেন্টে ৬ জুন নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে অস্ট্রেলিয়া। যেখানে তাদের প্রতিপক্ষ ওমান। সেই হিসেবে আর ১৩ দিন পর মাঠে নামবে অজিরা। এ লক্ষ্যে বেশ আগেভাগেই ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে তারা।

আসন্ন বিশ্বকাপের ‘বি’ গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া। যেখানে তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড, নামিবিয়া, ওমান ও স্কটল্যান্ড।

অভিজ্ঞতাই হবে অস্ট্রেলিয়ার শক্তি

আসন্ন বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন মিচেল মার্শ। তার অধীনেই দ্বিতীয় শিরোপা উঁচিয়ে ধরতে মরিয়া মাইটি অস্ট্রেলিয়া।

১৫ সদস্যের দলে আছেন অভিজ্ঞ ডেভিড ওয়ার্নার, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, ম্যাথু ওয়েড, মিচেল স্টার্ক ও প্যাট কামিন্সের মতো তারকারা। তবে বিশ্বকাপ দলে জায়গা হয়নি স্টিভেন স্মিথ, জেসন বেহরেনড্রফ, অ্যারন হার্ডি, স্পেন্সার জনসন ও জাভিয়ের বারলেটের।

অভিজ্ঞতাই হবে অস্ট্রেলিয়ার শক্তি। ছবি- সংগৃহীতচমক জাগিয়ে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলে ডাক পেয়েছেন অ্যাস্টন অ্যাগার। ২০২২ সালের বিশ্বকাপের পর জাতীয় দলের হয়ে টি-২০তে খেলেননি তিনি।

এবারের আইপিএলে ব্যাট হাতে রীতিমতো ঝড় তুলেছিলেন জেইক ফ্রেজার ম্যাগার্ক। শুরুতে ভাবা হয়েছিল, অজিদের বিশ্বকাপ দলের অংশ হবেন তিনি। কিন্তু শুরুতে তাকে মূল স্কোয়াডে তো বটেই, ট্রাভেলিং রিজার্ভের তালিকাতেও রাখা হয়নি। যদিও ক’দিন আগের তার নামটি রিজার্ভের তালিকায় যুক্ত হয়েছে। যেখানে তার সঙ্গী ম্যাথু শর্ট।

বিধ্বংসী ব্যাটিং ইউনিট

অস্ট্রেলিয়ার ব্যাটিং ইউনিটের নেতা হবে ট্রাভিস হেড। গত ওয়ানডে বিশ্বকাপে তো বটেই, চলমান আইপিএলে ব্যাট হাতে উড়ন্ত ফর্মে আছেন তিনি। স্বাভাবিকভাবেই একাদশে তার জায়গা অনেকটাই নিশ্চিত। তার সঙ্গে থাকবেন ডেভিড ওয়ার্নার, ম্যাথও ওয়েড ও জশ ইংলিশরা। 

কার্যকরী অলরাউন্ডার

এবারের বিশ্বকাপকে ঘিরে অজিরা যে দল ঘোষণা করেছে, সেখানে একাধিক ম্যাচ উইনিং অলরাউন্ডার জায়গা পেয়েছেন। এ তালিকায় আছেন মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, টিম ডেভিড, মার্কাস স্টয়নিস ও ক্যামেরন গ্রিনের মতো তারকারা। অবশ্য প্রতিপক্ষ বিবেচনায় একাদশে সবার একসঙ্গে সুযোগ নাও আসতে পারে।

গ্লেন ম্যাক্সওয়েল। ছবি- সংগৃহীতবোলিংয়ে ভারসাম্য

পেস ইউনিট তো বটেই, স্পিনেও ভারসাম্য বজায় রেখেছে অজি টিম ম্যানেজমেন্ট। গতি তারকা মিচেল স্টার্ক ও প্যাট কামিন্সের সঙ্গে আছেন জশ হ্যাজলউড। আর স্পিন জাদুতে ভূমিকা রাখবেন অ্যাডাম জাম্পা। লম্বা সময় জাতীয় দলের বাইরে থাকা অ্যাস্টন অ্যাগার সেক্ষেত্রে কিছুটা পিছিয়েই থাকবেন।

অস্ট্রেলিয়ার স্কোয়াড: ডেভিড ওয়ার্নার, ট্রেভিস হেড, মিচেল মার্শ (অধিনায়ক), গ্লেন ম্যাক্সওয়েল, টিম ডেভিড, মার্কাস স্টয়নিস, ম্যাথু ওয়েড, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজলউড, জশ ইংলিশ, অ্যাস্টন আগার, ক্যামেরন গ্রিন ও নাথান এলিস।

ট্রাভেলিং রিজার্ভ: জেইক ফ্রেজার ম্যাগার্ক, ম্যাথু শর্ট

বিশ্বকাপে অস্ট্রেলিয়ার ম্যাচের সূচি-

তারিখ প্রতিপক্ষ ভেন্যু
৬ জুন ২০২৪ ওমান বার্বাডোজ
৮ জুন ২০২৪ ইংল্যান্ড বার্বাডোজ
১২ জুন ২০২৪ নামিবিয়া অ্যান্টিগুয়া ও বার্বুডা
১৬ জুন ২০২৪ স্কটল্যান্ড সেন্ট লুসিয়া

 

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!