কার হাতে উঠবে বিশ্বকাপ শিরোপা, জানালেন শোয়েব
ফাইনালে কোন দুই দল চলমান টি-২০ বিশ্বকাপে ফাইনালের টিকিট পাচ্ছে, তা এখনও নিশ্চিত নয়। কারণ, এখনও সেমিফাইনালের লড়াই মাঠে গড়ায়নি। এর জন্য অপেক্ষা করতে হবে বৃহস্পতিবার পর্যন্ত। এবারের আসরে কাদের হাতে উঠবে চ্যাম্পিয়ন শিরোপা সেটি জানিয়েছেন পাকিস্তানের কিংবদন্তি পেসার শোয়েব আখতার।
নবম টি-২০ বিশ্বকাপে সেমিফাইনালের টিকিট পেয়েছে ইংল্যান্ড, ভারত, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান। যারা সেমিফাইনালে মুখোমুখি হবে একে অন্যের। যাদের প্রত্যেকেরই সুযোগ আছে বিশ্বকাপ জয়ের।
এদের মধ্যে কোন দলের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা বেশি। শিরোপা উঁচিয়ে ধরতে পারে কোন দল, শক্তিমত্তার বিচারেই বা কারা এগিয়ে; তাই নিয়ে হচ্ছে পক্ষে বিপক্ষে নানা আলোচনা। আর সেই আলোচনাতেই এবার যোগ দিলেন রাউয়ালপিন্ডি একপ্রেস খ্যাত শোয়েব।
.png)
এবারের বিশ্বকাপের অন্যতম আকর্ষণ আফগানিস্তান। প্রথমবারের মতো সেমিফাইনালে খেলতে যাচ্ছে তারা। তাদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। যারা ২০১৪ বিশ্বকাপের পর ফের টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে। এই দু’দল প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে আগামীকাল সকাল সাড়ে ৬টায়।
আর দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে আসরের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও শক্তিশালী ভারত। ম্যাচটি হবে আগামীকাল রাত সাড়ে ৮টায়।
পাকিস্তানের কিংবদন্তি শোয়েব তাই ভারতকেই তার শিরোপার দৌড়ে এগিয়ে রেখেছেন। জানিয়ে দিয়েছেন শতভাগ শিরোপার দাবিদার ভারত। তাদের হাতেই উঠতে যাচ্ছে বিশ্বকাপ।
শোয়েব তার ইউটিউব চ্যানেলে পোস্ট করা একটি ভিডিওতে ভারতীয় দল এবং বিশেষ করে রোহিতের প্রশংসা করেন। শোয়েব বলেন, ‘সাবাস ভারত, এটা এখন আপনার বিশ্বকাপ। এটা আপনাদের জিততে হবে এবং বিশ্বকাপ উপমহাদেশে থাকা উচিত। আপনাদের আগেরটিও জেতা উচিত ছিল এবং এটিও। আপনি এটির শতভাগ প্রাপ্য। আমার সমর্থন আপনাদের সাথে আছে। রোহিতের উদ্দেশ্য ভালো এবং তার বিবেক পরিষ্কার। সে ট্রফি তোলার যোগ্য।’