ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
ক্রিকবাজকে কার্তিক  

বাংলাদেশকে হারাতে ভারতের তেমন সমস্যা হবে না 

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪:৩৯, ১৩ সেপ্টেম্বর ২০২৪
বাংলাদেশকে হারাতে ভারতের তেমন সমস্যা হবে না 
বাংলাদেশ-ভারত টেস্ট ম্যাচের উত্তেজনাপূর্ণ একটি মুহূর্ত

পাকিস্তান সফরে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের পর বাংলাদেশের সামনে এবার কঠিন প্রতিপক্ষ ভারত। গুরুত্বপূর্ণ সিরিজ শুরুর আগে টাইগাররা কেমন করবে, তা নিয়ে চলছে আলোচনা ও বিশ্লেষণ। সাবেক ভারতীয় ক্রিকেটার দীনেশ কার্তিক অবশ্য মনে করেন সফরকারীদের সহজেই হারাবে টিম ইন্ডিয়া।

ক্রিকবাজকে দেওয়া সাক্ষাৎকারে কার্তিক বলেছেন,‘বাংলাদেশ পাকিস্তানে ভালো খেলেছে। কিন্তু আমার মনে হয় না, বাংলাদেশকে হারাতে ভারতের তেমন সমস্যা হবে।’ 

টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত সিরিজ পাকিস্তানের মাটিতে খেলতে যাওয়ার আগে দল নিয়ে বড় কোনো আশা কেউ দেখেননি। মিডল অর্ডারে বাংলাদেশের ব্যাটাররা সর্বশেষ অ্যাওয়ে সিরিজে রেখেছেন কার্যকরী ভূমিকা। পেস বোলাররা করেছেন বাজিমাত। তাতেই মিলেছে ইতিবাচক ফল। এমন সাফল্য টিম ইন্ডিয়ার বিপক্ষে দলের সবাইকে প্রেরণা জোগাবে, তা সহজেই অনুমেয়। 

Advertisement

কার্তিক অবশ্য ভিন্ন মত পোষণ করে জানালেন ভারতের মাটিতে নাজমুল হোসেন শান্তর দলের পক্ষে জেতাটা সম্ভব নয়। তার ভাষ্য, ‘ব্যক্তিগতভাবে আমার সেটা মনে হয় না। ভারতের মাটিতে ভারতকে হারানো বিশাল এক চ্যালেঞ্জ।’

চেন্নাইতে ১৯ সেপ্টেম্বর থেকে টেস্ট দিয়ে শুরু হবে সিরিজ। এরপর ২৭ সেপ্টেম্বর কানপুরে গড়াবে দ্বিতীয় ও শেষ টেস্ট। চেন্নাই সবসময় স্পিননির্ভর উইকেট হিসেবেই পরিচিত। কানপুরেও স্পিনাররা পেতে পারেন বাড়তি সুবিধা। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর ব্যাটিং কোচ কার্তিক পেসবান্ধব উইকেটে খেলার সম্ভাবনা রয়েছে বলেই ভাবছেন।

‘আমার মনে হয় ভারত কিছুটা পেসবান্ধব উইকেটে খেলতে পারে। বাংলাদেশকে হারানোর এটা ভালো কৌশল জেনেই তারা এটা করতে পারে। এছাড়া অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের প্রস্তুতিও আছে। আমার মনে হয়, তারা দুই স্পিনারের পাশাপাশি তিন ফাস্ট বোলার খেলাতে পারে।’

টেস্ট সিরিজের পর ৬ অক্টোবর গোয়ালিয়রে গড়ানোর কথা প্রথম টি-২০ ম্যাচ। এরপর ৯ অক্টোবর দিল্লি ও ১২ অক্টোবর হায়দরাবাদে তৃতীয় ও শেষ টি-২০ ম্যাচ দিয়ে বাংলাদেশ দলের ভারত সফরের সমাপ্তি ঘটবে।

ডেইলি-বাংলাদেশ/শুভ
লিংক সফলভাবে কপি হয়েছে!