রোববার (২৯ সেপ্টেম্বর) ওল্ড ট্র্যাফোর্ডে ম্যানইউকে ৩-০ গোলে হারিয়েছে টটেনহ্যাম। প্রিমিয়ার লিগে এটি টটেনহ্যামের টানা দ্বিতীয় জয়। এই জয়ে ছয় রাউন্ড শেষে তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে উঠেছে টটেনহ্যাম। তৃতীয় হারের পর ৭ পয়েন্ট নিয়ে ১২ নম্বরে ম্যানচেস্টার ইউনাইটেড।
ঘরের মাঠে শুরুতেই আক্রমণে যাওয়ার চেষ্টা করে ম্যানইউ। তবে একের পর এক পাল্টা আক্রমণে উল্টো গোল পেয়ে যায় জয় নিয়ে মাঠ ছাড়ে টটেনহ্যাম।
.png)
ম্যাচের তৃতীয় মিনিটে প্রতিপক্ষের সীমানায় মার্কাস রাশফোর্ড বল হারিয়ে ফেললে পাল্টা আক্রমণ করেন শাণান মিকি ফন দে ফেন। দারুণ ক্ষীপ্রতায় ছুটে বক্সের বাইরে প্রতিপক্ষের তিন জনের মধ্যে দিয়ে এগিয়ে, ভেতরে ঢুকে বাইলাইন থেকে দূরের পোস্টে পাস দেন এই ডাচ ডিফেন্ডার। আর বিনা বাধায় ছুটে গিয়ে অনায়াসে ফাঁকা জালে বল জড়ান ব্রেনান জনসন।
২০ মিনিটে স্কোর দ্বিগুণ করার মোক্ষম সুযোগ হাতছাড়া করে টটেনহ্যাম। পরিষ্কার সুযোগ পেয়ে কাজে লাগাতে পারেননি জনসন। বক্সের মুখ থেকে তার নিচু কোনাকুনি শট দূরের পোস্টে লেগে ফেরে। ৩৩ মিনিটে আবারও ব্যবধান বাড়ানোর সম্ভাবনা জাগায় টটেনহ্যাম। এবার ক্রিস্টিয়ান রোমেরোর ওভারহেড কিক একটুর জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।
৩৭ মিনিটে দারুণ একটি সুযোগ তৈরি করে ইউনাইটেডও। তবে বাঁ দিক থেকে রাশফোর্ডের বাড়ানো ক্রস বক্সে পেয়ে আলেহান্দ্রো গার্নাচোর জোরাল ভলি পোস্ট কাঁপায়। ৪০ মিনিটে টটেনহ্যামকে ব্যবধান বাড়ানো থেকে বঞ্চিত করেন ইউনাইটেড গোলরক্ষক আন্দ্রে ওনানা। ওয়ান-অন-ওয়ানে এগিয়ে গিয়ে ফন দে ফেনের নৈপুণ্যে শট রুখে দেন গোলরক্ষক।
প্রথমার্ধ শেষের ৩ মিনিট আগে প্রতিপক্ষের জেমস ম্যাডিসনকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন ইউনাইটেডের ব্রুনো ফার্নান্দেজ।
১০ জনের দল নিয়ে পরবর্তিতে প্রতিদ্বন্দ্বিতাই করতে পারেনি ম্যানইউ। দ্বিতীয়ার্ধের শুরুতে গোল হজম করে দলটি। মাঝমাঠ থেকে দারুণ গতিতে বল পায়ে ছুটে বক্সে ঢুকে বাঁ দিকে পাস বাড়ান জনসন, মাটাইস ডি লিখটের পায়ে লেগে বল একটু ওপরে উঠে যায়। আর আলতো এক ভলিতে গোলরক্ষককে পরাস্ত করেন কুলুসেভস্কি।
পরের ৩০ মিনিটে আরও কয়েকটি সুযোগ তৈরি করে টটেনহ্যাম। তবে ওনানার নৈপুণ্যে এবং ভাগ্যের কারণে বেঁচে যায় ম্যানইউ। কিন্তু ৭৮ মিনিটে আর ভাগ্য সহায় হয়নি স্বাগতিকদের। সতীর্থের কর্নারে মাতার সারের লাফিয়ে নেয়া হেডে বল প্রায় লক্ষ্যেই ছিল, জটলার মাঝ থেকে পা বাড়িয়ে হালকা স্পর্শে সেটাকে নিশ্চিত করেন সোলাঙ্কি। ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে টটেনহ্যাম।