মঙ্গলবার দিল্লিতে বাংলাদেশ-ভারত সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে হাজির হন রিয়াদ। নিজের ক্যারিয়ার নিয়ে কোনো আক্ষেপ না থাকলেও হতাশা ও আনন্দের মুহূর্ত তিনি ফাঁস করেন।
২০১৬ সালে টি-২০ বিশ্বকাপের গ্রুপপর্বে ভারতের বিপক্ষে বেঙ্গালুরুতে ম্যাচে জয়ের জন্য বাংলাদেশের দরকার ছিল ৩ বলে ২ রান। এমন পর্যায়ে বাউন্ডারি মারতে গিয়ে মুশফিকুর রহিমের পর রিয়াদ আউট হন। শেষ বলে মুস্তাফিজুর রহমান রান আউট হলে এক রানের নাটকীয় হার নিয়ে লাল-সবুজের দলকে মাঠ ছাড়তে হয়। নিশ্চিত জয় হাত থেকে ফেলে দিয়ে আসায় বাংলাদেশি সমর্থকরা ছিলেন ক্ষুব্ধ।
.png)
সেই ম্যাচের স্মৃতিচারণে সাইলেন্ট কিলার বলেন,‘২০১৬ সালে বেঙ্গালুরুতে ভারতের বিপক্ষে ম্যাচটি আমার জন্য সবচেয়ে হতাশার। খুব সম্ভবত এটা আমার জীবন পাল্টে যাওয়া মুহূর্তও বলা যায়। এটা আমার জন্য অনেক শিক্ষণীয় ছিল।’
সেরা মুহূর্তকেও স্মরণ করতে ভোলেননি ৩৮ বর্ষী এই ক্রিকেটার। তার ভাষ্য, ‘সেরা মুহূর্ত সম্ভবত নিদাহাস ট্রফি। আমরা যে ম্যাচটা জিতেছিলাম সেটা।’
নিদাহাস ট্রফির অঘোষিত সেমিফাইনালে প্রবল চাপের মাঝে আগ্রাসী ব্যাটিংয়ে রিয়াদ ১৮ বলে ৩ চার ও ২ ছক্কায় ৪৩ রানের অপরাজিত ইনিংস খেলেন। শেষ ওভারে ছক্কা হাঁকিয়ে দলকে জয়ের বন্দরে নিয়ে যান। তার ব্যাটের সেই নিখুঁত ফিনিশিং টাইগার ক্রিকেটের লড়াকু মানসিকতার প্রতীক হয়ে এখনো চির অম্লান।